গৌরনদীতে খাল দখলমুক্ত করুন

বরিশালের গৌরনদী উপজেলার টরকি থেকে চেংগুটিয়া-বাশাইল খাল এবং গয়নাঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদী দখল ও ভরাটের শিকার হচ্ছে। এর প্রভাবে স্থানীয় কৃষিব্যবস্থায় বহুমাত্রিক সংকট তৈরি হয়েছে। খালগুলোর নাব্য নষ্ট হওয়ায় প্রাকৃতিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে। এর ফলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়। তখন বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতার শিকার হয়। আবার শুষ্ক মৌসুমে সেচের জন্য প্রয়োজনীয় পানি মিলছে না। সংবাদ-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ থাকলে কৃষিনির্ভর এলাকার অর্থনীতি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। খাল ও নদীর সংযোগস্থল সচল থাকলে বর্ষার অতিরিক্ত পানি দ্রুত নেমে যেতে পারে। আবার শুষ্ক মৌসুমে সেই জলাধারই সেচের উৎস হিসেবে কাজ করে। প্রবেশমুখ দখল হওয়ায় ও নাব্য হ্রাস পাওয়ায় এই প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়েছে।

স্থানীয় বাসিন্দারা খাল দখলমুক্ত ও পুনঃখননের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, প্রবেশদ্বার দুটি মুক্ত করে পরিকল্পিতভাবে পুনঃখনন করা হলে পানির স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে। এতে জলাবদ্ধতা কমবে, সেচব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদন বাড়বে।

স্থানীয়দের আহ্বানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সাড়া দেবে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আমরা আশা করতে চাই। প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে খাল দখলমুক্ত করতে হবে। জরিপের ভিত্তিতে খাল পুনঃখনন করা জরুরি। ভবিষ্যতে দখল রোধে নিয়মিত তদারকিও নিশ্চিত করতে হবে। একই সঙ্গে খাল-নদীর সংযোগ রক্ষা ও পানি নিষ্কাশন ব্যবস্থাকে টেকসই করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া দরকার।

সম্প্রতি