ভূমি অফিসে অনিয়মের অভিযোগ আমলে নিন

কুমিল্লার চান্দিনা উপজেলা ভূমি অফিসে জমির খাজনা পরিশোধ থেকে শুরু করে নামজারি পর্যন্ত প্রায় প্রতিটি কাজে ঘুষ ও দালালনির্ভরতার অভিযোগ উঠেছে। সংবাদে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, দালালের মাধ্যমে যোগাযোগ না করলে আবেদনকারীদের ফাইল অগ্রসর হয় না। এমনকি নানা অজুহাতে আবেদন বাতিল করার ঘটনাও ঘটছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

নিয়ম অনুযায়ী নামজারি প্রক্রিয়া একটি নির্দিষ্ট প্রশাসনিক ধাপ অনুসরণ করে সম্পন্ন হওয়ার কথা। আবেদন যাচাই, মাঠপর্যায়ে তদন্ত, নথি পরীক্ষা এবং শুনানির পর অনুমোদন নির্ধারিত পদ্ধতিতে হওয়ার কথা। এ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সহজ করতে অনলাইন ব্যবস্থাও চালু করা হয়েছে। বাস্তবে এই প্রক্রিয়া অনেক ক্ষেত্রে নিয়মমাফিক চলছে না। বরং ঘুষের বিনিময়ে ফাইল অগ্রসর হওয়ার একটি অনানুষ্ঠানিক ব্যবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ রয়েছে।

অনেক আবেদনকারী দীর্ঘ সময় হয়রানির শিকার হওয়ার পর অর্থ লেনদেনে বাধ্য হচ্ছেন। অভিযোগ রয়েছে, বড় অঙ্কের অর্থ ব্যয় না করলে নামজারি সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। এ ধরনের পরিস্থিতি সাধারণ মানুষের জন্য আর্থিক ও মানসিক চাপ তৈরি করে। একই সঙ্গে প্রশাসনের প্রতি মানুষের আস্থাও ক্ষতিগ্রস্ত হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তা বলেছেন, অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই, বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত। আমরা বলব, অভিযোগ কেবল অস্বীকার করাই যথেষ্ট নয়। অভিযোগ উঠলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা জরুরি। এতে একদিকে প্রকৃত দোষীরা শনাক্ত হবে, অন্যদিকে মিথ্যা অভিযোগ থাকলে সেটাও পরিষ্কার হবে।

ভূমিসেবা সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি সেবা। এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। চান্দিনা উপজেলা ভূমি অফিসে উত্থাপিত অভিযোগগুলো গুরুত্বসহকারে খতিয়ে দেখা দরকার। প্রয়োজনে উচ্চপর্যায়ের তদন্তের মাধ্যমে অভিযোগগুলো খতিয়ে দেখা যেতে পারে। পাশাপাশি অনলাইন ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করা এবং দালালনির্ভরতা কমাতে কার্যকর ব্যবস্থা নেয়া জরুরি। এতে ভূমি অফিসের প্রতি জনগণের আস্থা ফিরবে এবং ভূমিসেবার উদ্দেশ্যও পূরণ হবে।

সম্প্রতি

Sangbad Image

বিজ্ঞান ও প্রযুক্তি: দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন