হাওরের সড়ক নির্মাণে বিলম্ব কাম্য নয়

নেত্রকোনার ডিঙাপোতা হাওর এলাকায় ডুবন্ত সড়ক নির্মাণের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় স্থানীয় মানুষের উদ্বেগ বাড়ছে। সংবাদে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, প্রায় ২৮ কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ হওয়ার নির্ধারিত সময় পার হয়ে গেলেও অগ্রগতি সন্তোষজনক নয়। অসম্পূর্ণ অবস্থায় কাজ ফেলে ঠিকাদারি প্রতিষ্ঠান সরে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে সড়কটির ভবিষ্যৎ বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

হাওরাঞ্চলের মানুষের জীবন ও অর্থনীতি মূলত একটি ফসলের ওপর নির্ভরশীল। বোরো ধান ঘরে তোলার সময় যোগাযোগ ব্যবস্থা কার্যকর না থাকলে কৃষকের বড় ক্ষতি হতে পারে। তাই এই অঞ্চলে সড়ক নির্মাণ কৃষি অর্থনীতির সুরক্ষার সঙ্গে সরাসরি যুক্ত। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে এর প্রভাব পুরো এলাকার ওপর পড়ে।

বর্তমানে সড়কের বিভিন্ন অংশে কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। কোথাও একপাশ কেটে রাখা হয়েছে, কোথাও কাদাবালু ফেলে কাজ শুরু হলেও শেষ হয়নি। এতে সড়কটি চলাচলের জন্য আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কাজ বন্ধ থাকার ফলে উন্নয়ন যেমন থেমে গেছে, তেমনি সাধারণ মানুষের কষ্টও বাড়ছে।

প্রকল্প বাস্তবায়নে এ ধরনের অনিয়ম বা ধীরগতি নতুন নয়। অনেক ক্ষেত্রে সময় বাড়িয়েও কাজ শেষ হয় না। এর ফলে রাষ্ট্রের অর্থ ব্যয় হলেও কাক্সিক্ষত সুবিধা মানুষ পায় না। হাওরাঞ্চলের মতো সংবেদনশীল এলাকায় অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে আরও বেশি দায়িত্বশীলতা প্রয়োজন। বর্ষা মৌসুম শুরুর আগেই সড়কটির কাজ সম্পন্ন করা গেলে কৃষক ও স্থানীয় মানুষের দুশ্চিন্তা অনেকটাই কমবে। এজন্য প্রশাসনের দ্রুত ও কার্যকর উদ্যোগ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্প্রতি