সড়ক দুর্ঘটনা কমাতে কার্যকর উদ্যোগ জরুরি

বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে ১৪ জনের মৃত্যু দেশের সড়ক নিরাপত্তা পরিস্থিতির এক মর্মান্তিক চিত্র তুলে ধরেছে। বিয়ের অনুষ্ঠান শেষে নবদম্পতিসহ পরিবারের সদস্যরা বাড়ি ফিরছিলেন। গন্তব্যে পৌঁছানোর আগেই খুলনা-মোংলা মহাসড়কে মাইক্রোবাসের সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষে তাদের জীবন থেমে যায়। একই পরিবারের এত সদস্য ও শিশুদের প্রাণহানির ঘটনাটি শুধু একটি পরিবারের নয়, গোটা দেশের জন্যই গভীর শোকে পরিণত হয়েছে। আমরা নিহতদের স্বজনদের প্রতি জানাই গভীর সমবেদনা।

দেশে সড়ক দুর্ঘটনা নতুন নয়। তবে কোনো কোনো দুর্ঘটনা পুরো জাতিকে স্তব্ধ করে দেয়। অতিরিক্ত গতি, বেপরোয়া গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, চালকের ক্লান্তি, যানবাহনের ত্রুটি কিংবা সড়ক অবকাঠামোর দুর্বলতার কারণে সড়ক দুর্ঘটনা ঘটে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অনেক সময় মহাসড়কে যাত্রীবাহী ছোট যানবাহনে অতিরিক্ত যাত্রী নেয়ার ঘটনাও ঘটে, যা দুর্ঘটনার ক্ষয়ক্ষতি আরও বাড়িয়ে দেয়। এসব সমস্যা চিহ্নিত হলেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা এখনও যথেষ্ট শক্তভাবে প্রতিষ্ঠিত হয়নি।

মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ সাধারণত সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনার একটি। এমন দুর্ঘটনা কমাতে সড়কের নকশা, লেন ব্যবস্থাপনা, গতিনিয়ন্ত্রণ ও কঠোর তদারকি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে চালকদের প্রশিক্ষণ, লাইসেন্স প্রদানে স্বচ্ছতা থাকতে হবে। সড়কে নিয়ম মানার সংস্কৃতি গড়ে তোলাও জরুরি। সড়কে নিরাপত্তা নিশ্চিত করা শুধু আইন প্রয়োগের বিষয় নয়। এজন্য পরিকল্পনা, অবকাঠামো, প্রযুক্তি ও সচেতনতার সমন্বিত প্রয়াস দরকার।

দুর্ঘটনার পর তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ নির্ণয় করা প্রয়োজন। তার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল পদক্ষেপ নেয়া জরুরি। একই ধরনের দুর্ঘটনা বারবার ঘটলে তা কেবল বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাওয়া যায় না। এটি ব্যবস্থাগত দুর্বলতাকেই প্রকাশ করে।

সড়ক নিরাপত্তা জনস্বার্থের বিষয়। প্রতিটি দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, নিরাপদ সড়ক নিশ্চিত করতে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। মানুষের জীবন রক্ষার প্রশ্নে নীতি ও বাস্তবায়নের মধ্যে ফাঁক থাকলে তার মূল্য দিতে হয় নাগরিকদের। সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও জবাবদিহি প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।

‘সম্পাদকীয়’ : আরও খবর

» যাদুকাটা নদীতে অবৈধ বালু তোলা বন্ধ করুন

» আদিবাসীদের ভূমি সমস্যার সমাধান হওয়া দরকার

» বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি: জবাবদিহি নিশ্চিত করতে হবে

» রাষ্ট্রের গাছ কাটার অভিযোগ আমলে নিন

» চুনারুঘাটে নদী রক্ষায় ব্যবস্থা নিন

» দুর্যোগের দেশে দুর্যোগ ব্যবস্থাপনার পেশাগত স্বীকৃতি কোথায়?

» দেড় যুগেও সংস্কার হয়নি এক কিলোমিটার সড়ক

» মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি: স্বস্তি ফেরাতে দরকার কার্যকর পদক্ষেপ

» পেঁয়াজের বাজারে অস্থিরতা, ক্ষতিগ্রস্ত কৃষক

» নারী নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন

সম্প্রতি