নিত্যদিনের সঙ্গী বিদ্যুৎ-বিভ্রাট

সংবাদ অনলাইন রিপোর্ট

বিদ্যুৎ-বিভ্রাট যেন এখন কুষ্টিয়ার শেখপাড়ার নিত্যদিনের সঙ্গীতে পরিণত হয়েছে। প্রতি সপ্তাহে অন্তত দুই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকে এই এলাকায়। অথচ এই শেখপাড়াতেই অবস্থিত বাংলাদেশের স্বাধীনতার পর প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয়- ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

লেখাপড়ার তাগিদে শত শত শিক্ষার্থী শেখপাড়ায় বসবাস করে। কিন্তু সপ্তাহে দুই দিন বিদ্যুৎ না থাকায় তাদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পড়ালেখা, রান্না, খাওয়া-দাওয়া, গোসলসহ দৈনন্দিন জীবনের প্রতিটি কাজে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের। শুধু শিক্ষার্থী নয়, সাধারণ জনগণও এই সমস্যায় সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুৎ না থাকায় পানির সরবরাহ বন্ধ থাকে, বন্ধ থাকে ইলেকট্রনিকসের দোকান ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান। পুরো এলাকায় সৃষ্টি হয় একপ্রকার স্থবিরতা।

বিদ্যুৎ-বিভ্রাট ও এর ফলে সৃষ্ট ভোগান্তি নিয়ে ইতিপূর্বে অনেক লেখালেখি হলেও বাস্তব পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। বিদ্যুৎ সংশ্লিষ্ট সংস্থার একাধিক কর্মকর্তা জানিয়েছেন, কুষ্টিয়া শহর থেকে বৈদ্যুতিক লাইন নিয়ে আসার কারণে সপ্তাহে অন্তত দুই দিন লাইন বন্ধ রাখতে হয়, যার ফলে এই সংকটের সৃষ্টি হচ্ছে।

অনতিবিলম্বে শেখপাড়ার ক্রমবর্ধমান বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান করে শিক্ষার্থী ও সাধারণ জনগণকে এই দুর্ভোগ থেকে রক্ষা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন শিক্ষার্থী ও এলাকাবাসী।

লাবনী খাতুন

সম্প্রতি