সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা সদর থেকে গোলকপুর গ্রাম পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে নাজুক ও নাজেহাল অবস্থায় পড়ে রয়েছে। সংস্কার না হওয়ায় সড়কজুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচলকারী শত শত মানুষ, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী ব্যক্তি এবং রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে অসুস্থ রোগী ও প্রসূতি নারীদের হাসপাতালে নেয়া এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এই সড়কটি ধর্মপাশা উপজেলার সঙ্গে জামালগঞ্জ উপজেলার যোগাযোগের একমাত্র মাধ্যম। সড়কটি অনেক নিচু হওয়ায় বর্ষাকালে হাওরের পানিতে ডুবে যায়। কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পরিবহনের ক্ষেত্রে এই সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সড়কের অব্যবস্থাপনার কারণে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং অনেকের সুন্দর জীবন দুর্ঘটনায় থেমে যাচ্ছে।
তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি, দ্রুত এই সড়কটি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করুন।
নুসরাত জাহান বৈশাখী