পিরোজপুর জেলা শহরের কৃষ্ণচূড়া চত্বরের মোড় থেকে সোজা সিও অফিসের দিকে চলে যাওয়া সদর রাস্তাটির প্রশস্ততা এতটাই সংকীর্ণ যে, মুখোমুখি দুই দিক থেকে যানবাহন চলাচল করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। এই অবস্থায় রাস্তার দুই পাশ দিয়ে পায়ে হেঁটে চলাচলকারী নাগরিকদের নিরাপত্তা নিয়ে জনমনে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। সদর রাস্তার সংকীর্ণতার কারণে প্রায়ই পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। রাস্তায় সারাক্ষণ অটোরিকশার ভিড় লেগেই থাকে এবং চালকদের বেপরোয়া গতিতে চালানোর ফলে পথচারীদের গায়ে ধাক্কা লাগার ঘটনা ঘটছে নিয়মিত। বিভিন্ন সামগ্রী রেখে রাস্তা আটকে রাখেন, যা যানবাহন ও পথচারী চলাচলে বাধা সৃষ্টি করছে। এসব ক্ষেত্রে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় না।
সদর রাস্তার প্রশস্ততা বাড়ানোর কোনো পরিকল্পনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান নেই। পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যান চলাচল স্বাভাবিক করতে রাস্তার প্রশস্ততা বাড়ানো, অবৈধ দখলদারিত্ব বন্ধ করা এবং চালকদের বেপরোয়া চালনা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
লিয়াকত হোসেন খোকন