হকারের দখলে নারায়ণগঞ্জ

দেশের সবচেয়ে ছোট জেলা নারায়ণগঞ্জের কেন্দ্র চাষাড়ায় এখন তীব্র জনদুর্ভোগ দেখা দিয়েছে। এই বাণিজ্যিক শহরের প্রধান সড়কের ফুটপাতগুলো প্রায় পুরোপুরি হকারদের দখলে। হাঁটার জায়গা না পেয়ে পথচারীরা মূল রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন। এতে শহরজুড়ে অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে। যে পথে হাঁটার জন্য ১৫ মিনিট লাগে, সেখানে রিকশা বা গাড়িতে যেতে এক ঘণ্টারও বেশি সময় লেগে যায়। যানজটে আটকা পড়ে হাসপাতালে যাওয়া মুমূর্ষু রোগীদের বিপর্যয়ের মাত্রা বেড়ে যায়। এর সঙ্গে যোগ হয়েছে যাত্রীর তুলনায় অতিরিক্ত অটোরিকশার চাপ এবং ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগের অভাব।

কিছু অসাধু স্থানীয় নেতা, শ্রমিক নেতা এবং প্রশাসনের দুর্নীতিবাজ কর্মচারীরা হকারদের ‘মাসোয়ারা’ দিয়ে ফুটপাত দখল করতে সাহায্য করছে। এক দিকে হকারদের দৌরাত্ম্য, অন্য দিকে শহরের বিভিন্ন প্রান্তে ছিনতাইকারীদের উৎপাত-এই সব মিলিয়ে জনজীবন বিপর্যস্ত। এছাড়া, চাষাড়া ২ নম্বর গেট পর্যন্ত চলমান ড্রেনেজ ও রাস্তা প্রশস্তকরণ কাজের ফলে পথচারীদের চলাচল আরও কঠিন হয়ে উঠেছে। এই অবস্থায় অবৈধ দখলমুক্ত ফুটপাত, চাঁদাবাজ সিন্ডিকেট নির্মূল এবং ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ ছাড়া নারায়ণগঞ্জের এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে সাধারণ মানুষের মুক্তির কোনো উপায় নেই।

আমানুর রহমান

সম্প্রতি