আলমডাঙ্গায় অবৈধ পার্কিংয়ে স্থবির সড়ক

চুয়াডাঙ্গা জেলার অন্যতম ব্যস্ত উপজেলা আলমডাঙ্গার হৃৎপিণ্ড হিসেবে পরিচিত চার তলার মোড় থেকে আলমডাঙ্গা ডাকঘর পর্যন্ত সড়কটি প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখরিত থাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এই জনগুরুত্বপূর্ণ সড়কটি এখন অবৈধ পার্কিং এবং দখলদারিত্বের কবলে পড়ে সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এই সড়কের দুই পাশে আলমডাঙ্গা পুরাতন জামে মসজিদ, আলমডাঙ্গা মার্কেট, ইলেকট্রনিক্স ও মোবাইল শোরুম, ফটো স্টুডিও, কনফেকশনারি, রেস্তোরাঁ, ব্যাংক, ক্লিনিক এবং অসংখ্য ওষুধের দোকান বা ফার্মেসি রয়েছে। বিশেষ করে ফার্মেসিগুলোর সামনে প্রয়োজনীয় কেনাকাটার জন্য সবসময় সাধারণ মানুষের ভিড় লেগেই থাকে। কিন্তু এই ব্যস্ততার সুযোগ নিয়ে একশ্রেণির অসাধু চালক ও কাণ্ডজ্ঞানহীন ব্যক্তি রাস্তার ওপর যত্রতত্র অবৈধভাবে যানবাহন পার্কিং করে রাখছে। ফলে মূল সড়কটি অত্যন্ত সংকুচিত হয়ে পড়েছে।

সড়কের বর্তমান অবস্থা এতটাই নাজুক যে, পাশাপাশি দুটি ভ্যান চলাচল করলে একটি মোটরসাইকেল যাওয়ার মতো স্থানও অবশিষ্ট থাকে না। বিশেষ করে মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ কিংবা স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা প্রায়ই যানজটে আটকে পড়ে চরম দুর্ভোগে পড়ছেন, যা তাদের জীবনকে বিষিয়ে তুলছে। বাজার করতে আসা পথচারী ও স্থানীয় বাসিন্দাদের এই অসহনীয় পরিস্থিতি থেকে মুক্তি দিতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ এখন জরুরি। সড়কের ওপর অবৈধ পার্কিং বন্ধ করা এবং ফুটপাত দখলমুক্ত করতে শুধু মাইকিং নয়, বরং ভ্রাম্যমাণ আদালতের অধীনে অভিযান পরিচালনা করা সময়ের দাবি।

ফাহমিদা ইয়াসমিন মায়েদা

সম্প্রতি