নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর গণমানুষের হৃদয়ে এক নতুন ভোরের প্রত্যাশা জেগেছে। একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে দেশবাসীর প্রধান দাবি হলো আকাশচুম্বী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠা বাজারে সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্যপণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনা এখন সময়ের দাবি। এর পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ খাদ্যদ্রব্যে ভেজাল ও ওষুধের অসাধু ব্যবসার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। শিক্ষাব্যবস্থাকে জাতির মেরুদণ্ড হিসেবে টিকিয়ে রাখতে হলে এই খাতের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া দুর্নীতি ও দলীয়করণ উপড়ে ফেলতে হবে। বিশেষ করে শহর ও মফস্বলে বিষফোড়া হয়ে দাঁড়ানো ‘কিশোর গ্যাং’ কালচার এবং নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড দমনে প্রশাসনকে আপসহীন ভূমিকা পালন করতে হবে। মাদকের বিস্তার রোধ ও পাচার বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা এখন সময়ের দাবি।
মূলত সর্বস্তরের দুর্নীতি দমন করে একটি জবাবদিহিমূলক শাসনব্যবস্থা কায়েম করাই হলো নতুন সরকারের কাছে দেশবাসীর উদাত্ত আহ্বান। সাধারণ মানুষ চায় এমন এক বাংলাদেশ, যেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং ভয়হীন পরিবেশে সবাই মাথা উঁচু করে বাঁচতে পারবে।
ওসমান গনি
নগর-মহানগর: গ্যাস সংকট নিরসনে তিতাসের সাথে ইশরাকের বৈঠক
অর্থ-বাণিজ্য: অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রায় ৩৯ লাখ