আবাসিক হল চাই

বাংলাদেশের উত্তরাঞ্চলের পঞ্চগড় জেলার একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য বিদ্যাপীঠ ‘পাথরাজ সরকারি কলেজ’। বর্তমানে কলেজটিতে মানবিক, ব্যবসা ও বিজ্ঞান বিভাগে প্রতি বছর প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী ভর্তি হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, প্রতিষ্ঠার চার দশক পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের জন্য নির্মিত হয়নি কোনো আবাসিক হল বা ছাত্রবাস। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা এই শিক্ষার্থীদের প্রতিদিন বাস কিংবা সিএনজিতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যাতায়াত করতে হয়; যা সাধারণ শিক্ষার্থীদের জন্য কষ্টের।

অন্যদিকে দীর্ঘ সময় যাতায়াতের কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হয়, যা তাদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলছে। এমতাবস্থায় শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন পড়াশোনা নিশ্চিত করতে এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে দ্রুত একটি আধুনিক আবাসিক হলো নির্মাণ করা জরুরি। তাই, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ শিক্ষার্থীদের কষ্টের কথা বিবেচনা করে পাথরাজ সরকারি কলেজে দ্রুত আবাসিক হল নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।

সজিব চন্দ্র রায়

সম্প্রতি