সাধারণত বড় শহরগুলো তখনই সিটি করপোরেশনের স্বীকৃতি পায়, যখন সেখানে নাগরিক সুবিধা নিশ্চিত থাকে। কিন্তু বাস্তবতায় দেখা যায়, পুরান ঢাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হলেও পরিবেশ ও অবকাঠামো সেই মর্যাদার প্রতিফলন ঘটায় না। ভাঙাচোরা রাস্তা, চারদিকে ময়লার স্তূপ, তীব্র যানজট, পুরনো ও অপরিকল্পিত বহুতল ভবন, বৃষ্টি হলে জলাবদ্ধতা সব মিলিয়ে এলাকা চরম ঝুঁকিপূর্ণ। মাঝারি মাত্রার ভূমিকম্পেও বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে।
পুরান ঢাকার অলিগলি অত্যন্ত সরু। মানুষের তুলনায় রিকশার সংখ্যা বেশি হওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। রাস্তার দুপাশে সবজি ও নানা দোকান বসায় পরিস্থিতি আরও জটিল হয়। বিকেলবেলা লক্ষ্মীবাজার এলাকায় এর বাস্তব চিত্র স্পষ্ট। প্রতিদিনই ছোটখাটো সড়ক দুর্ঘটনা ঘটে, রাস্তা পার হওয়াই হয়ে দাঁড়ায় ঝুঁকিপূর্ণ। অপরিকল্পিতভাবে ময়লা ফেলার কারণে দুর্গন্ধ ছড়ায় এবং ডেঙ্গুসহ নানা রোগে এখানকার মানুষ বেশি আক্রান্ত হয়।
স্বাধীনতার পর থেকে পুরান ঢাকার পরিবেশের উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি, বরং অবনতি ঘটেছে। নতুন সরকারের কাছে দাবি ভাঙা রাস্তা মেরামত, পানি নিষ্কাশন, দূষণ নিয়ন্ত্রণ, পরিচ্ছন্ন, রিকশা ও ট্রাফিক ব্যবস্থাপনায় কার্যকর নীতিমালা বাস্তবায়নসহ পরিকল্পিত বসবাসযোগ্য শহর তৈরি করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
খুশী সরদার