শ্রীমঙ্গলের আনারসের বৈশিষ্ট্য হলো- এটি আকারে ছোট হলেও স্বাদে গন্ধে অনন্য। এর মিষ্টি তীব্রতা এবং রসে ভরপুর ও কোমলতা এটিকে জনপ্রিয় করে তুলছে। এখনকার জলবায়ু ও মাটি আনারসের ফলনের জন্য উপযুক্ত, যার কারণে শ্রীমঙ্গলের আনারস এত সুন্দর হয়। শ্রীমঙ্গলে পাহাড়ি ঢালে প্রাকৃতিক জৈব পদ্ধতিতে আনারস চাষ হয়। মাটির খনিজ এবং পানি ধারণক্ষমতা অনন্য। ফলে কৃত্রিম সার বা রাসায়নিক দ্রব্য ছাড়াই ফল হয় অত্যন্ত মিষ্টি ও রসালো।
শ্রীমঙ্গলের যেসব এলাকায় আনারস চাষ বেশি হয় সেগুলো হলো- লাউয়াছড়া, শিমূলবন, খাইছড়া সাতছড়ি জাতীয় উদ্যোনের আশেপাশের এলাকায় উঁচু-নিচু টিলা ভূমি ও লালচে বেলে মাটিতে আনারস উৎপাদন করা হয়। প্রাকৃতিক বৃষ্টিপাত ও পাহাড়ি ঝিরির পানিতেই চলে সেচ কাজ। কম বসতির এলাকায় চাষ হয় বলে এখানে কার্বাইড, ফরমালিন বা রাসায়নিক ব্যবহার হয় না। জৈব পদ্ধতিতে উৎপাদিত হওয়ায় স্বাস্থ্যসম্মত এই আনারসগুলোর চাহিদা ব্যাপক। আনারস এখানে খুব ভালো হয়। বাজারে দাম ও ভালো পাওয়া যায়।
হিমাগার না থাকায় বিপাকে পড়েন চাষিরা। দ্রুত বিক্রি করতে হয় আনারস। বাগান থেকে আনারস তোলার একদিনের মধ্যে বিক্রি না করতে পারলে অনেক ফল নষ্ট হয়। এতে লোকসানে পড়েন চাষিরা। কৃষি বিভাগ সূত্র থেকে জানা যায় জেলায় ১ হাজার ২৫০ হেক্টর জমিতে আনারস চাষ হয়। এর মধ্যে শ্রীমঙ্গলে হয় ৪২০ হেক্টর জমিতে। হিমাগার দ্রুত স্থাপনের দাবী জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আব্বাসউদ্দিন আহমদ