আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে নৌপুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান। বুধবার,(০৪ মার্চ ২০২৬) রাজধানীর গুলশানে পুলিশ প্লাজায় অবস্থিত নৌপুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নৌপথের নিরাপত্তা ও নৌযান চলাচলের সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্তে সভাটি অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই নৌপুলিশের পক্ষ থেকে নৌপথে আইনশৃঙ্খলা রক্ষায় দুর্ঘটনা প্রতিরোধ, পরিবেশ দূষণরোধ ও টিকেট কালোবাজারি, উচ্চমূল্য এবং চাঁদাবাজি প্রতিরোধে করণীয় বিষয় উল্লেখ করে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উপস্থিত প্রতিনিধি ও অনলাইনে সংযুক্ত নৌপুলিশের ১১টি অঞ্চলের পুলিশ সুপারদের সঙ্গে আলোচনা হয়।
সভায় বক্তারা নিরাপদ নৌপথ সংক্রান্তে বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। নৌপুলিশের বর্তমান কাজের প্রশংসা করে তা অব্যাহত রাখার অনুরোধ করেন এবং নৌপুলিশ ইউনিটের কার্যক্রমকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় জনবল বৃদ্ধির পরামর্শ দিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। ঈদে নৌপথ ব্যবহারকারী ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও নিরাপদ করতে নৌপুলিশের সহযোগিতা কামনা করেন বক্তারা।
সভায় নৌপুলিশের অতিরিক্ত আইজিপি বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নৌপথে ঈদযাত্রা নিরাপদ রাখতে কাজ করছে নৌপুলিশ। কোনো ডাকাত যাতে যাত্রীবেশে নৌযানে চলাচল করতে না পারে সেই বিষয়ে সজাগ দৃষ্টি কামনা করে নজরদারি জোরদার রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সেই সঙ্গে নদীপথের চ্যানেলে মাছ ধরার জাল পেতে কেউ যেন নৌ চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে না পারে সে বিষয়ে অঞ্চল পুলিশ সুপারদের নির্দেশনা দেন তিনি।
মতবিনিময় সভায় বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউপিসিএ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা, লঞ্চ মালিক সমিতি বাংলাদেশ, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, লঞ্চ মালিক সমিতি, বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতি, বাংলাদেশ কার্গোভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ লঞ্চ লেভার অ্যাসোসিয়েশন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, নৌপরিবহন অধিদপ্তরের প্রতিনিধি, নৌপুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ নৌপুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সরাসরি ও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক: এবার আজারবাইজানে ইরানি ড্রোনের আঘাত