রাজধানীর পুরান ঢাকার নারিন্দা এলাকায় একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
দগ্ধদের উদ্ধার করে দ্রুত রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।
দগ্ধরা হলেন: মোক্তার বেপারী (৫৫), মোছা. সেলিনা আক্তার (৪৫) ও মোহাম্মদ সেলিম (৩৩)। হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধদের মধ্যে সেলিমের শরীরের অবস্থা সবচেয়ে গুরুতর, তার শরীরের ১০০ শতাংশই পুড়ে গেছে। এ ছাড়া মোক্তার বেপারীর শরীরের ২২ শতাংশ এবং সেলিনা আক্তারের শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে হঠাৎ বিকট শব্দে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, ঘরের গ্যাস লাইন বা সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে কোনোভাবে আগুনের সংস্পর্শ লাগলে এই বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ঘরে থাকা তিনজন মারাত্মকভাবে দগ্ধ হন। পরে আশপাশের লোকজন ও স্বজনরা তাদের উদ্ধার করে রাত ১টার দিকেই জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দগ্ধ তিনজনকে ইনস্টিটিউটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের প্রত্যেকের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় সবার অবস্থাই অত্যন্ত সংকটাপন্ন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত কয়েক দিনেই চাঁদপুর, চট্টগ্রাম ও কুমিল্লায় অনুরূপ দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি ও দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
অপরাধ ও দুর্নীতি: লাঠি হাতে ভাইরাল রাকিব আসলে পলাতক খুনি
সারাদেশ: গজারিয়ায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড