image

আজ সচিবালয়ে প্রথম অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী

সংবাদ অনলাইন রিপোর্ট

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে সচিবালয়ে অফিস করবেন নব নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। সে উপলক্ষ্যে নতুন সাজে প্রস্তুত হয়েছে সচিবালয়। ইতোমধ্যে ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে প্রধানমন্ত্রীর কক্ষ। এছাড়া সম্মেলন কক্ষসহ অন্যান্য কক্ষও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

জানা গেছে, প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন বলে তারেক রহমান।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তারেক রহমান। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস করবেন।

সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবার গ্রহণ করে বিকেল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন।

মন্ত্রিপরিষদ বৈঠক শেষে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

এদিকে, সরকার গঠনের পর আজ প্রথম কর্মদিবসে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও সচিবালয়ে অফিস করবেন। নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে তারা কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা করবেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজ নেবেন।

এছাড়া সাংবাদিকদের ব্রিফিং করবেন মন্ত্রিসভার সদস্যরা।

অন্যদিকে, নতুন সরকারের আগমন উপলক্ষ্যে সচিবালয় প্রাঙ্গণে সাজ সাজ রবও দেখা গেছে। বিভিন্ন ভবনের সামনে রঙিন ফুলের টব ও বাগান পরিচর্যার মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তার শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হলো।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি