ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণ করেছেন। বিএনপির সংসদীয় দলের সভায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয়।
পরে বিকেলে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।এখন অনেকেরই কৌতুহল প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান কত বেতন পাবেন। তার অন্যান্য ভাতা ও সুবিধা কেমন হবে।
‘দ্য প্রাইম মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬’-এর ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান মাসে ১ লাখ ১৫ হাজার টাকা বেতন পাবেন। পাশাপাশি মাসে ১ লাখ টাকা বাড়িভাড়া ভাতা পাবেন। যদিও সাধারণত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থাকে। তারপরও এই সুবিধা তিনি পাবেন।
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দৈনিক ভাতা পাবেন ৩ হাজার টাকা করে।বিমান ভ্রমণের ক্ষেত্রে তার জন্য ২৫ লাখ টাকার বিমা কভারেজ ও দেড় কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল রাখা রয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে বিনোদনের জন্য যে খরচ হবে তা সম্পূর্ণ ভাতা হিসেবে তাকে দেওয়া হবে।অফিস থেকে বাসায় আর বাসা থেকে অফিসে যাতায়াতের সব খরচই চালাবে সরকার।
প্রধানমন্ত্রী আর তার পরিবারের নির্দিষ্ট ব্যয়ও তিনি ভাতা হিসেবে পাবেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন ও অন্যান্য ইউটিলিটি খরচও সরকারই বহন করবে।