image

ভোটের ফল রাজনৈতিক দলগুলোকে মেনে নেয়ার আহ্বান সিইসির

সংবাদ অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এই ঐতিহাসিক মুহূর্তের প্রাক্কালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন রাজনৈতিক দল ও প্রার্থীদের গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয় মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার, (১১ ফেব্রুয়ারী ২০২৬) সন্ধ্যা ৭টায়, ভোটগ্রহণ শুরুর ঠিক সাড়ে ১২ ঘণ্টা আগে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এই আহ্বান জানান।

ভাষণের শুরুতেই সিইসি আজ অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে অভিহিত করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, যাদের রক্তের বিনিময়ে দেশ আজ গণতান্ত্রিক উত্তরণের দ্বারপ্রান্তে পৌঁছেছে। তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি আহত জুলাই যোদ্ধাদের দ্রুত আরোগ্য ও স্বাভাবিক জীবনে ফেরার জন্য দোয়া করেন।

সিইসি তার ভাষণে গণতান্ত্রিক সংস্কৃতি বজায় রাখার ওপর জোর দেন। তিনি বলেন, ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়। এই বিষয়টি মনে রেখে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান তিনি।

রাজনৈতিক দল ও প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয়কে মেনে নেবেন।’ শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সবাইকে দায়িত্বশীল ও যত্নবান হওয়ার অনুরোধ জানান তিনি।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনের দিন নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। আন্তর্জাতিক পর্যায় থেকেও এই নির্বাচনের দিকে নজর রাখা হচ্ছে বলে জানান সিইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

সিইসি ভোটার, প্রার্থী, নির্বাচনী কর্মকর্তা, সাংবাদিক, পর্যবেক্ষক এবং আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ব্যক্তিগত কষ্ট-ক্লেশ তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এই মহতী ব্যবস্থাকে সার্থক করে তুলতে হবে। যে কোনো অনভিপ্রেত ঘটনা মোকাবিলায় মাঠপর্যায়ে কর্মরত ম্যাজিস্ট্রেট ও আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।

সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের সাক্ষী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। আজ সকাল থেকে এই ঐতিহাসিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি