image

মির্জা আব্বাস, রিজভীসহ ১০ উপদেষ্টা নিয়োগ

সংবাদ অনলাইন রিপোর্ট

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীপরিষদ থেকে বাদ পড়া মির্জা আব্বাস, রিজভীসহ ১০ নেতা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতাবলে তাদের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজেও নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ ও রাশেদ আল মাহমুদ তিতুমীর।

অন্যদিকে, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদ।

এর আগে, বিকেলে সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই আয়োজনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সবাইকে শপথ পাঠ করান।

শপথ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের যে তালিকা ঘোষণা করে বিএনপি সেখানে বাদ পড়েন বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা। যাদের মধ্যে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমানউল্লাহ আমান, গয়েশ্বর চন্দ্র রায় ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তবে কয়েক ঘণ্টা পরেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ ও রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বিএনপির নতুন সরকারে আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান, আমানউল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায়কে দেখা যায়নি।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি