সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতেও মঙ্গলবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা গেছে। দেশটির প্রেসিডেন্টিয়াল কোর্ট জানিয়েছে, বুধবার থেকেই তারা রোজা শুরু করবেন।
সৌদি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার সৌদি আরবে সূর্যাস্ত হয় সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে। সূর্যাস্তের পরই চাঁদ দেখার জন্য আকাশ পর্যবেক্ষণ শুরু করে দেশটির চাঁদ দেখা কমিটি। পরে রমজানের চাঁদ দেখা গেছে বলে নিশ্চিত করে কর্তৃপক্ষ।
ফলে সৌদি আরবের মুসলমানরা মঙ্গলবার রাতেই প্রথম তারাবির নামাজ আদায় করবেন এবং শেষ রাতে সেহরি খেয়ে বুধবার প্রথম রোজা রাখবেন।
উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর মধ্যে প্রথম রমজান শুরুর ঘোষণা দেয় ওমান। দেশটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে ওমানে পবিত্র রমজান মাস শুরু হবে।