জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
কুষ্টিয়ার কুমারখালীতে এক ছাত্রশিবির কর্মী ও মসজিদের ইমামকে রড ও কাঠের বাটাম দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গতকাল রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের নিদেনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম আসলাম উদ্দিন (২১)। তিনি যদুবয়রা ইউনিয়নের কেশবপুর গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে এবং জোতমোড়া দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম। এছাড়াও তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ছাত্রশিবিরের কর্মী হিসেবে ৬টি ভোটকেন্দ্রের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে আহত ইমাম আসলাম উদ্দিন বলেন, এশার নামাজ শেষে বাড়িতে ফিরছিলাম। পথিমধ্যে লালনবাজার সংলগ্ন বাবুর কাঠ পরিমাপযন্ত্র এলাকার কাছে দুটি মোটরসাইকেলে চার থেকে পাঁচজন লোক এসে আমার পথরোধ করে। তারা রড ও কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারধর করে দ্রুত চলে যায়। হামলাকারীদের কারও মুখ বাঁধা ছিল এবং কারও মুখে মাস্ক পরা ছিল।
তিনি নিজেকে ছাত্রশিবিরের কর্মী দাবি করে বলেন, সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের কর্মী হিসেবে যদুবয়রার ৬টি কেন্দ্রের দায়িত্বে ছিলাম। প্রতিপক্ষের লোকজন ভোটে হেরে গিয়ে এ হামলা চালাতে পারে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জোতমোড়া দক্ষিণপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুঠোফোনে বলেন, এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ইমাম সাহেবের ওপর হামলা চালিয়েছে। তার পিঠ, হাত, পায়ের মাংসপেশি ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, এক মসজিদের ইমামের ওপর হামলার খবর পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মিজানুর রহমান/এসএএম
নগর-মহানগর: জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের বিক্ষোভ আজ
নগর-মহানগর: ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
নগর-মহানগর: জবিতে সব দল-মতের ঐক্য অক্ষুণ্ণ থাকবে: রইছ উদ্দীন
নগর-মহানগর: ভোট গণনায় কারচুপির অভিযোগ জামায়াত প্রার্থীর
নগর-মহানগর: সিলেটে মন্দিরে অগ্নিসংযোগ