বাগেরহাটে নির্বাচনোত্তর সহিংসতা অব্যাহত
আজাদুল হক, বাগেরহাট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই বাগেরহাটে নির্বাচনোত্তর সহিংসতা অব্যাহত রয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে বাগেরহাট জেলা সদরের বিষ্ণুপুর ইউনিয়নের মান্দ্রা গ্রামে জাতীয়তাবাদী যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলিমুজ্জামান রানার টিনশেড বাড়িতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
আগুন দেওয়ার খবর পেয়ে রাতেই বাগেরহাট থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। বসতবাড়ি ও বাড়ির আসবাবপত্র পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান আলিমুজ্জামান রানা।
রাতেই সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সূত্রে জানা গেছে, সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ব্যারিস্টার শেখ জাকির হোসেন পরাজিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে নির্বাচনের দিন রাতেই বিজয়ী প্রার্থী জামায়াতের মঞ্জরুল হক রাহাদের ওই এলাকার কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা চালায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। এ খবর ছড়িয়ে পড়লে পরের দিন সকালে জামায়াতের কর্মী-সমর্থকরা পাল্টা হামলা চালিয়ে বিএনপির সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করে।
ধারণা করা হচ্ছে, এরই জের ধরে যুবদল নেতার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আগুনে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে আবারও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।
বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. মাসুম খান বলেন, বসতবাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসসহ থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আগের ঘটনায় মামলা হয়েছে এবং দুজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এসএএম
নগর-মহানগর: জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের বিক্ষোভ আজ
নগর-মহানগর: ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
নগর-মহানগর: জবিতে সব দল-মতের ঐক্য অক্ষুণ্ণ থাকবে: রইছ উদ্দীন
নগর-মহানগর: ভোট গণনায় কারচুপির অভিযোগ জামায়াত প্রার্থীর
নগর-মহানগর: সিলেটে মন্দিরে অগ্নিসংযোগ