image

প্রথমবার সংসদ সদস্য হয়ে মন্ত্রিসভায় ফরহাদ হোসেন, পঞ্চগড়ে উচ্ছ্বাস

প্রতিনিধি, পঞ্চগড়

নতুন সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। প্রথমবার সংসদ সদস্য হয়েই তিনি বিএনপির নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় তাঁর নির্বাচনী এলাকায় নেতা–কর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।

স্বাধীনতার পর এই আসনে বিএনপি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য প্রথমবারের মতো মন্ত্রিপরিষদের সদস্য হলেন। এর আগে এই আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। প্রায় তিন দশক পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে জয় পায় বিএনপি।

এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ফরহাদ হোসেন আজাদ পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের সফিউল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট।

শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে বোদা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের উদ্যোগে বড় পর্দায় অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয়। সেখানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা ও পৌর বিএনপির নেতারা এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। শপথ শেষে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে একইভাবে শপথ অনুষ্ঠান প্রদর্শন এবং পরে আনন্দ মিছিলের আয়োজন করা হয়।

ফরহাদ হোসেন আজাদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই নেতা রাজশাহী সরকারি কলেজ ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্বও পালন করেন।

স্থানীয় নেতারা বলেন, তৃণমূল থেকে উঠে আসা এবং সংগঠনে দীর্ঘদিন কাজ করা একজন নেতা হিসেবে ফরহাদ হোসেন আজাদ মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। তাঁর মাধ্যমে পঞ্চগড়ের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

মো.সফিকুল আলম দোলন/এসএএম

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি