image

রাজবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে মো. জাহিদ হাসান (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার পশ্চিম বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকজনের সঙ্গে পূর্ব বিরোধ ও টাকার লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের বড় ভাই মামুন ফকির জানান, সকালে ৪–৫ জন ব্যক্তি তাঁদের বাড়ির আশপাশে ঘোরাফেরা করে এবং তাঁর ছোট ভাইয়ের কাছে ২৫ হাজার টাকা পাওনা দাবি করে। বিষয়টি তাঁদের মা তাঁকে অবহিত করেন। পরে দুপুরের দিকে জাহিদ হাসানের ওপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

পরবর্তীতে তাকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরুল ইসলাম আজম জানান, বেলা ১টার দিকে রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।

নিহতের পিতা মাহাতাব ফকির ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ রাসেল জানান, পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি