কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী ও মিটাপানির ছড়া নৌঘাট–সংলগ্ন সমুদ্রসৈকত থেকে এক তরুণ ও এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল নয়টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন সমুদ্র সৈকতে এক তরুণ এবং এক তরুণীর মরদেহ ভেসে আসার খবর পেয়ে ঘটনাস্থলে উপপরিদর্শক (এসআই) আব্দুস সালামকে পাঠানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
উদ্ধার হওয়া তরুণীর শরীরে কোনো কাপড় ছিল না। অন্যদিকে তরুণের পরনে ছিল লম্বা প্যান্ট ও জ্যাকেট। স্থানীয় এক জেলে জানান, সকালে সৈকতে নেমে তিনি বালুচরে পড়ে থাকা মরদেহ দুটি দেখতে পান। তাঁর ধারণা, জোয়ারের পানিতে ভেসে আসার চেয়ে অন্য কোথাও থেকে এনে মরদেহ ফেলে যাওয়া হয়ে থাকতে পারে।
জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, দুপুর ১২টা পর্যন্ত লাশ দুটির পরিচয় শনাক্ত করা যায়নি। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তরুণ–তরুণী রোহিঙ্গা হতে পারেন। সাগরপথে মানব পাচার বা মুক্তিপণসংক্রান্ত কোনো ঘটনার সঙ্গে বিষয়টি জড়িত থাকতে পারে। তবে তাঁদের শরীরে দৃশ্যমান কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
অর্থ-বাণিজ্য: স্বর্ণের দাম আরও কমলো