অনলাইনে ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ানো হয়েছে। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ভ্যাট দিতে পারবে বিভিন্ন প্রতিষ্ঠান। গতকাল রোববার রাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক আদেশে এই সময়সীমা বৃদ্ধি করে। প্রতি মাসে ১৫ তারিখ পর্যন্ত আগের মাসের বেচাকেনার তথ্য জানিয়ে ভ্যাট রিটার্ন দিতে পারে প্রতিষ্ঠানগুলো।
এনবিআরের ভ্যাট বিভাগের আদেশে বলা হয়েছে, পবিত্র শবে বরাত ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দীর্ঘ সরকারি ছুটি থাকায় এবং রোববার (১৫ ফেব্রুয়ারি) এ-চালান সিস্টেমে ওটিপি সার্ভার ডাউন থাকায় সময় বাড়ানো হয়েছে। মূল্যে সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (১ক)-এর প্রদত্ত ক্ষমতাবলে এনবিআর সময় বাড়িয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করলে আইন অনুযায়ী বিলম্ব ফি ও আর্থিক জরিমানার বিধান রয়েছে। ফলে সার্ভার জটিলতার কারণে যাতে কোনো করদাতা অযথা জরিমানার মুখে না পড়েন, সে জন্য সময় বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৬ লাখ ৪৪ হাজার। বেশির ভাগ প্রতিষ্ঠানই রিটার্ন দেয় না।