image

রেকর্ড গড়ার পথে ফেব্রুয়ারিতে প্রবাসী আয়

১৮ দিনেই ২ বিলিয়ন ডলার ছাড়ালো রেমিট্যান্স

মাস শেষে বড় রেকর্ডের আশা

সংবাদ অনলাইন রিপোর্ট

দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি প্রবাসী আয়ে বড় ধরনের সুবাতাস বইছে। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৮ দিনেই বৈধ পথে বাংলাদেশে ২ বিলিয়ন বা ২০০ কোটি মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে মাস শেষে এটি ৩ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে। মূলত আসন্ন পবিত্র রমজান মাস এবং জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীরা তাদের পরিবারের বাড়তি খরচ মেটাতে দেশে বেশি করে অর্থ পাঠাচ্ছেন, যার ইতিবাচক প্রভাব পড়ছে রেমিট্যান্স প্রবাহে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে প্রবাসীরা ৩১৭ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা। একক মাস হিসেবে এটি দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেকর্ড।

এর আগে গত বছরের ডিসেম্বরে ৩২২ কোটি ডলার এবং গত বছরের মার্চে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছিল। রেমিট্যান্সের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফেরাতে বড় ভূমিকা রাখছে।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসীরা মোট ২ হাজার ১৫৬ কোটি ডলার পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই প্রবৃদ্ধি প্রায় ২২ দশমিক ৩ শতাংশ বেশি। গত বছর এই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৭৬৩ কোটি মার্কিন ডলার। বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৫৪ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী প্রকৃত রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

» ১ কেজি গরুর মাংসের জন্য ৪ ঘণ্টা অপেক্ষা

» ১ কেজি গরুর মাংসের জন্য ৪ ঘণ্টা অপেক্ষা

সম্প্রতি