সকাল তখনও পুরোপুরি জমেনি। খামারবাড়ির রাস্তার পাশে ঠাঁয় দাঁড়িয়ে আছেন ষটোর্ধ্ব রহমত আলী। হাতে ছোট একটি ব্যাগ। তার চারপাশে ভিড় বাড়ছে ধীরে ধীরে। সবার একটাই লক্ষ্য- ৬৫০ টাকায় এক কেজি গরুর মাংস কেনা।
ঘোষণা ছিল সকাল ১০টায় আসবে মাংসের ট্রাক। তবে নির্ধারিত সময় পেরিয়েও দেখা মেলে না ট্রাকের। অপেক্ষা বাড়তেই থাকে। যেন নয়টার ট্রেন কয়টায় আসে অবস্থা।অনেকে বিরক্ত হয়ে চলে যান। কেউ আবার ভরসা হারান না। ১ কেজি মাংস কিনতে মরিয়া।
রহমত আলী একা নন, তার মতো অনেকেই সেই সকাল থেকে লাইন ধরেছেন। তারা ভেবেছিলেন একটু আগে এলে ভিড় কম থাকবে। সহজে মাংস কিনে ফিরতে পারবেন। কিন্তু সকাল গড়িয়ে দুপুরে আসে ট্রাক। তবে দুপুর গড়িয়ে গেলেও বিক্রি শুরু হয় না। লাইনও লম্বা হতে থাকে। এভাবে বেলা সাড়ে ১২টার ঘড়ির কাঁটা পৌঁছে যায় দুইটার ঘরে।
দীর্ঘ চার ঘণ্টা অপেক্ষার পর ৬৫০ টাকায় ১ কেজি গরুর মাংস কিনতে সক্ষম হন।ভেবেছিলেন বিজয়ের হাসি নিয়ে ঘরে ফিরবেন। কিন্তু ক্লান্তিতে তার ইচ্ছেগুলো মরে গেছে।
সরকারি উদ্যোগে রমজান মাস উপলক্ষে রাজধানীর ২৫টি স্থানে শুরু হওয়া সুলভ মূল্যে মাংস, ডিম ও দুধ বিক্রির প্রথম দিনে এমন ঘটনা দেখা গেছে রাজধানীর খামারবাড়ির রাস্তায়।ঘোষণা ছিল সকাল ১০টায় ট্রাক আসবে। তবে ট্রাকটি সাড়ে ১২টায় নির্ধারিত স্থানে পৌঁছালেও বিক্রি শুরু হয় বেলা ২টার দিকে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী একজন ক্রেতা সর্বোচ্চ এক কেজি গরুর মাংস কিনতে পারবেন। মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৫০ টাকা। বাজারদরের তুলনায় দাম কম হওয়ায় সবার আগ্রহ একটু বেশিই। প্রথম দিনেই দেখা গেছে, সরবরাহের চেয়ে মাংসের চাহিদা অনেক বেশি।
রহমত আলী শেষ অবধি ১ কেজি মাংস কিনে বাড়ি ফিরেছেন। তবে তার কথায় মিশে ছিল ক্লান্তি। কিছুটা অভিমানও। তার মতোই হতাশ হওয়া ফরিদ উদ্দিন। ক্ষোভের সুরে বললেন, ‘দুই কেজি দিলে ভালো হতো। না হলে অন্তত দেড় কেজি দিতে পারতো।’
প্রথম দিনে খামারবাড়িতে আনা হয়েছিল ৭০ কেজি গরুর মাংস। তবে চাহিদা অনুযায়ী সরবরাহ করা যায়নি। বিক্রয়কর্মীদের ভাষ্য, সকালে উদ্বোধনী অনুষ্ঠান থাকায় দেরি হয়েছে। তাছাড়া প্রথম দিন হওয়ায় বরাদ্দ কম ছিল। পরের দিন থেকে মাংসের পরিমাণ বাড়ানো হবে।
সুলভ মূল্যে পুষ্টি সরবরাহের এই কর্মসূচি হাতে নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তর। গরুর মাংস ছাড়াও প্রতিটি ডিম ৮ টাকা (ডজন ৯৬ টাকা), দুধ প্রতি লিটার ৮০ টাকা। ব্রয়লার মুরগি প্রতি কেজি ২৪৫ টাকায় বিক্রি হচ্ছে। ২৫ রমজান পর্যন্ত মোট ২৬ দিন এ কার্যক্রম চলবে।
অর্থ-বাণিজ্য: ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু
অর্থ-বাণিজ্য: কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়লো মোংলা বন্দর
অর্থ-বাণিজ্য: নিউইয়র্ক টাইমসে ৩৫ কোটি ডলার বিনিয়োগ করলো বাফেটের
অর্থ-বাণিজ্য: গ্যাসের অবৈধ ব্যবহার রোধে আইন সংশোধন, নতুন অধ্যাদেশ জারি