শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’–এর নামফলকের জায়গায় ‘বিজয় ২৪ হল’ লিখে একটি ব্যানার টানিয়েছেন একদল শিক্ষার্থী। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল থেকে একদল ছাত্র মিছিল নিয়ে বঙ্গবন্ধু হলের সামনে গিয়ে জড়ো হন। এ সময় তাদের ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। মিছিল শেষে ছাত্র হলটির নামফলকের জায়গায় ‘বিজয় ২৪ হল’ লেখা একটি ব্যানার ঝুলিয়ে দেন তারা। এ সময় হলের নতুন নামকরণ নিয়ে বিভিন্ন স্লোগানও দিতেও দেখা যায় তাদের।
ফয়সাল হোসেন নামের এক ছাত্র বলেন, ‘আমরা জুলাই অভ্যুত্থানকে সামনে রেখে হলের হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার গ্রুপে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে “বিজয় ২৪ হল” করার প্রস্তাব করি। অধিকাংশের মতামতের ভিত্তিতে আজ এই হলকে “বিজয় ২৪ হল” ঘোষণা করছি। বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের নাম পরিবর্তন করে এই হলের নাম এখন থেকে “বিজয় ২৪ হল”।’
আজাদ শিকদার নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘খুনি হাসিনা দেশের সব প্রতিষ্ঠানগুলো নিজের পারিবারিক প্রতিষ্ঠানে রূপ দিয়েছিল। নিজেদের অপকর্মগুলো ঢাকার জন্য দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে নিজেদের পরিবারের সদস্যদের নামে নামকরণ করা হয়। যাদের হাতে হাজারো ছাত্র-জনতার রক্ত লেগে আছে, তাদের পরিবারের কোনো সদস্যদের নামে প্রতিষ্ঠানের নাম থাকতে পারে না।’
এ বিষয়ে জানতে চাইলে আবাসিক হলের প্রাধ্যক্ষ মো. জামাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘আমি অফিশিয়াল সিদ্ধান্তের বাইরে যেতে পারি না, হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত শুধু বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা থেকে আসতে পারে। যদি নাম পরিবর্তন নিয়ে অভিমত থাকে, শিক্ষার্থীরা তা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানাবেন।’
এর আগে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক ভেঙে ফেলা হয়েছিল।
সারাদেশ: চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৭
জাতীয়: বায়ুদূষণে শীর্ষে ঢাকা
অপরাধ ও দুর্নীতি: চা দোকানি আমির হত্যায় ৫ আসামির যাবজ্জীবন