জুলাই বিপ্লবের অন্যতম পরিচিত মুখ শেখ তাসনিম আফরোজ ইমিকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
একইসঙ্গে দেশজুড়ে চলমান ‘মব ট্রায়াল’ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরব হয়েছে সংগঠনটি।
সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশ থেকে তারা ইমির নিঃশর্ত মুক্তি ও দেশে আইনের শাসন বজায় রাখার দাবি জানান।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি বিশেষ গোষ্ঠী জুলাই বিপ্লবের মূল চেতনাকে নস্যাৎ করার জন্য দেশজুড়ে মব সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
তারা বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে আইন নিজের হাতে তুলে নেওয়া এবং পিটিয়ে হত্যার মতো ঘটনাগুলো জুলাই আন্দোলনের প্রকৃত শহিদদের আত্মত্যাগকে চরমভাবে অপমানিত করছে।
বিচারবহির্ভূত এই অরাজকতা বন্ধ না হলে ছাত্রসমাজ আবার রাজপথে নামতে বাধ্য হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বিশেষভাবে শেখ তাসনিম আফরোজ ইমির গ্রেপ্তারের বিষয়টি তুলে ধরেন। তারা বলেন, যিনি রাজপথে ফ্যাসিবাদের বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়েছিলেন, আজ তাকেই মিথ্যা মামলায় হেনস্তা করা হচ্ছে। এটি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই নয়।
অবিলম্বে ইমিকে সব ধরণের মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে মুক্তি দেওয়ার দাবি জানান তারা।
সমাবেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে সংগঠিত মব আক্রমণসহ দেশের নানা প্রান্তে চলা তথাকথিত ‘মব জাস্টিসের’ বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার যেন কোনোভাবেই রাজনৈতিক প্রতিহিংসা বা মব কালচারের কবলে পড়ে প্রশ্নবিদ্ধ না হয়।
অবিলম্বে এই বিশৃঙ্খলা বন্ধ করা না হলে ছাত্রসমাজ সারা দেশে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়।
ক্যাম্পাস: জবি উপাচার্যের পদত্যাগ দাবি শাখা ছাত্রদলের
অর্থ-বাণিজ্য: ভোজ্যতেলের দাম বাড়বে না
অর্থ-বাণিজ্য: ভোজ্যতেলের দাম বাড়বে না
অপরাধ ও দুর্নীতি: হাদি হত্যা: দুই আসামিকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু