পুরান ঢাকার শ্যামবাজারে মসলা ব্যবসায়ী আব্দুর রহমান ভূঁইয়া হত্যা মামলায় আসামি এমামুল হাসান নয়নকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার, (১৬ ডিসেম্বর ২০২৫) শুনানি নিয়ে এ আদেশ ঢাকার মহানগর হাকিম হাসিবুজ্জামান। প্রসিকিউশন বিভাগের এসআই সোহানুজ্জামান জানান, গত বৃহস্পতিবার গ্রেপ্তারের পর নয়নকে কদমতলী থানার এক মামলায় কারাগারে পাঠানো হয়। পরে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত রোববার তাকে দুই দিনের রিমান্ডে পায় পুলিশ।
রিমান্ড শেষে মঙ্গলবার, তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার পরিদর্শক মহায়মেনুল ইসলাম। আর নয়নের পক্ষে তার আইনজীবী ইকবাল হোসেন জামিন আবেদন করেন। আদালত শুনানি নিয়ে জামিন আবেদন নাকচ করে নয়নকে কারাগারে পাঠায় বলে জানান এসআই সোহানুজ্জামান।
মামলার নথি অনুযায়ী, নয়নের স্ত্রীর ভাই অয়ন গাঙ্গুলী পলাশ হাসনাবাদে হলুদ-মরিচের ব্যবসা করেন। আর নয়ন শ্যামবাজারে হলুদ-মরিচের আড়ৎদারি এবং হলুদ-মরিচ ভাঙানোর মিলের ব্যবসা করেন। নয়নের কাছ থেকে হলুদ- মরিচ নিয়ে হাসনাবাদে দোকানে দোকানে পাইকারি বিক্রি করেন অয়ন।
গত ১১ ডিসেম্বর সকাল ৯টার দিকে নয়ন ফোন করে অয়নকে শ্যামবাজারে যেতে বলেন। এরপর অয়ন সেখানে গেলে নয়ন বলেন, ‘আব্দুর রহমান অনেক ঝামেলা করতেছে, তাকে সাইজ করতে হবে’। দুপুর ১২টার দিকে আব্দুর রহমান (৫৫) তার বাড়ি থেকে বের হয়ে শ্যামবাজারে দোকানে রওনা হন। তখন নয়ন, অয়ন ও রুবেল রূপলাল দাস লেনের দিকে এগোতে থাকেন। একপর্যায়ে অয়নের কাছ থেকে ৭-৮ কদম সামনে যান নয়ন। এরপর আব্দুর রহমান নয়নের কাছাকাছি গেলে ২ রাউন্ড গুলির শব্দ পান অয়ন। ওই সময় নয়ন সামনের দিকে দৌঁড় দেন। এরপর অয়ন ও রুবেল পেছনের দিকে দ্রুত হাঁটতে থাকে।
অয়নের স্বীকারোক্তি অনুযায়ী, পরে পোস্তগোলায় মিলিত হয় অয়ন, নয়ন ও রুবেল। এরপর রুবেল বাসার দিকে চলে যান। অয়ন ও নয়ন সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরাঘুরির পর রাত ১০টার দিকে কল্যাণপুর বাসস্ট্যান্ডে অবস্থানকালে র্যাব তাদের গ্রেপ্তার করে। আব্দুর রহমানকে গুলি করে হত্যার ঘটনায় তার ছেলে শাকিল আহম্মেদ গত শনিবার সূত্রাপুর থানায় নয়নের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে মামলা করেন।
আন্তর্জাতিক: খামেনির স্ত্রীও মারা গেলেন
অর্থ-বাণিজ্য: হরমুজ প্রণালি বন্ধ করায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
অর্থ-বাণিজ্য: পরপর তিন দিন বাড়লো সোনার দাম
অর্থ-বাণিজ্য: সূচকের উত্থানে লেনদেন ৭৭৯ কোটি টাকা