আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণায় নেমেছেন তার ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।
শনিবার,(৩১ জানুয়ারী ২০২৬) বিকেলে তিনি রাজধানীর শাহাজাদপুর ও গুলশান এলাকায় গণসংযোগ করেন। বিকেল ৩টার দিকে শাহাজাদপুর সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন শর্মিলা রহমান সিঁথি। পরবর্তীতে গুলশান এলাকার ডিএনসিসি মার্কেটের বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।প্রচারণাকালে তারেক রহমানের পক্ষে সবার কাছে ভোট চান কোকো পত্নী। ভোটারদের উদ্দেশে শর্মিলা রহমান সিঁথি বলেন, ‘আজকে আমি ভাইয়ার (তারেক রহমান) জন্য আসছি। আপনারা সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন আর ভাইয়াকে একটা ভোট দিবেন।’
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিনের স্ত্রী ব্যারিস্টার মেহেনাজ মান্নানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
একইদিনে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন তারেক রহমান। সেখানে বিকেল ৩টায় জনসভা মঞ্চে তারেক রহমান তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে উপস্থিত হলে নেতাকর্মীদের করতালিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।