বায়ান্নর মহান ভাষা আন্দোলনের অবিনাশী চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র’।
মঙ্গলবার থেকে ছয় দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের নিয়মিত এই বার্ষিক আয়োজনে এবার ২০টি পূর্ণদৈর্ঘ্য ও ৩টি স্বল্পদৈর্ঘ্যসহ মোট ২৩টি সিনেমা প্রদর্শিত হবে। আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন ভিন্ন ভিন্ন স্বাদের চলচ্চিত্র উপভোগ করতে পারবেন দর্শকরা।
উৎসবের প্রথম দিন সন্ধ্যা সাড়ে ৬টায় আহমেদ হাসান সানি পরিচালিত ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ সিনেমার মাধ্যমে পর্দা উঠছে এই আয়োজনের। প্রবাসী জীবনের টানাপোড়েন আর রাজনৈতিক সংঘাতের গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। উদ্বোধনী দিন থেকেই দর্শকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে।
আয়োজক সূত্রে জানা গেছে, দ্বিতীয় দিন ৪ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে পর্যায়ক্রমে প্রদর্শিত হবে কালজয়ী সিনেমা ‘দেয়া নেয়া’, আলমগীর কবিরের ‘সূর্যকন্যা’, শরাফ আহমেদ জীবনের ‘চক্কর ৩০২’ এবং রায়হান রাফীর আলোচিত ছবি ‘তাণ্ডব’।
এছাড়া, ৫ ফেব্রুয়ারি তৃতীয় দিনে রয়েছে সালাউদ্দিনের ‘রূপবান’, ‘দ্য লাস্ট ঠাকুর’, ‘জয়া আর শারমিন’ এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত সিনেমা ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।
উৎসবের চতুর্থ দিন ৬ ফেব্রুয়ারি দর্শকরা দেখতে পাবেন ‘মেঘের অনেক রঙ’, চিরচেনা ‘বেদের মেয়ে জোসনা’, ‘নীলচক্র’ ও ‘অন্যদিন’।
উৎসবের পঞ্চম দিন ৭ ফেব্রুয়ারি প্রদর্শিত হবে তপন সিনহার ‘হারমোনিয়াম’, তারেক মাসুদের প্রামাণ্যচিত্র ‘মুক্তির গান’, সানী সানোয়ারের ‘এশা মার্ডার’ এবং তানিম নূরের ‘উৎসব’।
সমাপনী দিন অর্থাৎ ৮ ফেব্রুয়ারি প্রদর্শিত হবে কালজয়ী চলচ্চিত্র ‘নয়নের আলো’ ও কাজী হায়াতের ‘ধর’। এছাড়া এদিন বিকেলে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মায়া: দ্য নেম উই কল’, ‘জন্ম থেকে জ্বলছি’ ও ‘ধ্যাৎ’ দেখানো হবে। উৎসবের পর্দা নামবে কলকাতার নির্মাতা জয়ব্রত দাসের সিনেমা ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’-এর মাধ্যমে।
ভাষা আন্দোলনের চেতনা, দেশের সামাজিক বাস্তবতা এবং মানবিক সম্পর্কের নানা দিক তুলে ধরতেই চলচ্চিত্র সংসদের এই নিরন্তর প্রচেষ্টা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুস্থ ধারার চলচ্চিত্রের এই মহোৎসবে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ চলচ্চিত্রপ্রেমীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এই আয়োজন।
আন্তর্জাতিক: রহস্যময় কুখ্যাত চরিত্র জেফরি এপস্টেইন
অর্থ-বাণিজ্য: স্বর্ণের ভরিতে বাড়ল ৫৪২৪ টাকা