image
সংগৃহীত

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকের’ অভিযোগ, বঙ্গভবনের কর্মকর্তা আটক

সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ‘হ্যাকের’ অভিযোগে বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, আটক কর্মকর্তা হ?লেন মোহাম্মদ ছরওয়ারে আলম, তিনি বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার। ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে বলেও জানান তিনি। এর আগে, ওইদিন বিকালে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে লিখিত অভিযোগপত্র জমা দেয়। শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স হ্যান্ডেল ‘হ্যাকের’ ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন ও অগ্রগতি জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছিলো দলটি।

বঙ্গভবন থেকে বের হয়ে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম দাবি করেন, বঙ্গভবনের একটি ‘সরকারি ইমেইল ব্যবহার করে’ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টটি ‘হ্যাক করা হয়’। বঙ্গভবন থেকে বিষয়টি তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে এ বিষয়ে বঙ্গভবন থেকে কোনো বার্তা বা বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।

কয়েকদিন আগে জামায়াতের আমিরের ‘এক্স’ হ্যান্ডেল ব্যবহার করে ‘নারী বিদ্বেষী’ এক পোস্ট নিয়ে রাজনীতিতে উত্তাপ ছড়ায়। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, দলের প্রধানের এক্স হ্যান্ডেল ‘হ্যাক করে’ শনিবার রাতে ওই পোস্ট দেওয়া হয়েছিল।

গত ৩১ জানুয়ারি বিকাল ৪টার পর শফিকুর রহমানের এক্স আইডি ‘হ্যাকারদের কবলে পড়ে’ বলে দলটির অভিযোগ। বিকাল ৪টা ৩৭ মিনিটে আইডি থেকে নারীবিদ্বেষী ওই পোস্টটি করা হয়। জামায়াতের কেন্দ্রীয় আইটি টিম বিকাল ৫টা ৯ মিনিটে আইডিটির পাসওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে ওই এক্স হ্যান্ডেলের ‘নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে’ বলে দলটির দাবী। পরে বিকাল ৫টা ২২ মিনিটে ‘হ্যাক হওয়ার’ অভিযোগ জানিয়ে জরুরি ঘোষণা দেওয়া হয় দলটির পক্ষ থেকে।শনিবার, ৩১ জানুয়ারী শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলের একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই পোস্টে বলা হয়, “নারীর প্রশ্নে জামায়াতের অবস্থান বিভ্রান্তিকর বা কুণ্ঠাবোধের নয়, বরং নীতিগত। নারীদের নেতৃত্বে আসা উচিত, এটা আমরা বিশ্বাস করি না। জামায়াতে এটা অসম্ভব। আল্লাহ এটা অনুমোদন করেননি।

“আমরা বিশ্বাস করি, আধুনিকতার নামের নারীদেরকে ঘরের বাইরে ঠেলে দেওয়া হলে তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়। এটা আরেকধরণের পতিতাবৃত্তি ছাড়া কিছু নয়।”

পোস্টের ওই বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়।

বিএনপির পক্ষ থেকে এ পোস্ট নিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়। ছাত্রদল বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে। নারীদের একটি দল এর প্রতিবাদে ঝাড়ু মিছিল করে।

ওই পোস্টের স্ক্রিনশট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পরে শনিবার রাতে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম। দলের প্রধান শফিকুরের ভেরিফায়েড এক্স হ্যান্ডেল ‘হ্যাক করে’ ওই পোস্ট দেওয়া হয়েছে বলে সেখানে অভিযোগ করা হয়।

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে করেও জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, দলের প্রধানের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাক’ করা হয়েছিল, যা ‘কিছু সময় পরই উদ্ধার করা সম্ভব হয়’।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি