রাজধানীর বনানীতে পুলিশের ভয়ে আতঙ্কিত হয়ে গুলশান ঝিলে ঝাঁপ দিয়ে মাহা আলম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। কিশোরটিকে বাঁচাতে গিয়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন, তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার, (০৬ ফেব্রুয়ারী ২০২৬) সকালে বনানী কবরস্থান সংলগ্ন ঝিল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাহা আলম কড়াইল বস্তির কুমিল্লা পট্টিতে পরিবারের সঙ্গে থাকতো। সে শেরপুর সদর উপজেলার চান নগর গ্রামের মৃত আশকর আলী ও আবেদা বেগমের ছেলে।
স্বজনরা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশ ওই এলাকায় কয়েকজনকে ধরার জন্য ধাওয়া করে। মাহা আলম কিছু না বুঝেই পুলিশের ভয়ে আতঙ্কিত হয়ে ঝিলের পানিতে ঝাঁপ দেয়। তাকে উদ্ধার করতে পুলিশ পানিতে নামলেও সে তলিয়ে যায়। ডুবুরি দিয়ে অনেক খোঁজাখুঁজি করেও ওই দিন তার সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে তার মরদেহ ঝিলে ভেসে ওঠে। তবে নিহতের মা আবেদা বেগম জানিয়েছেন, এ ঘটনায় কারও প্রতি তার কোনো অভিযোগ নেই।
বনানী থানার ওসি কাজী রফিক উদ্দিন জানান, আমাদের প্যাট্রোল ছিল, তবে কাউকে ধাওয়া করা হয়নি। ছেলেটিকে পানিতে পড়তে দেখে এক পুলিশ সদস্য তাকে বাঁচানোর চেষ্টা করেন। এ সময় ওই পুলিশ সদস্য আহত হন এবং বর্তমানে তিনি রাজারবাগ হাসপাতালে ভর্তি রয়েছেন।
বনানী থানার এসআই সুব্রত চক্রবর্তী জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনে মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে পানিতে ডুবে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। চার ভাই ও এক বোনের মধ্যে মাহা আলম ছিল চতুর্থ।