image
রাজধানীর উপকণ্ঠে সুসজ্জিত পুলিশের অশ্বারোহী বাহিনী -সংবাদ

প্রথমবারের মতো নির্বাচনী নিরাপত্তায় সুসজ্জিত অশ্বারোহী পুলিশ

বাকী বিল্লাহ

জাতীয় নির্বাচনে এই প্রথমবারের মতো পুলিশের অভিজাত অশ্বারোহী বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া নিয়ে রাজপথে নিরাপত্তা টহল দিয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী ২০২৬) সকাল সাড়ে ৭টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ টহল দেয়।

ব্যানার, ফেস্টুন ও পুলিশের মনোগ্রাম লাগিয়ে ব্যতিক্রমী নিরাপত্তা টহল

ভোটারদের উদ্বুদ্ধ ও উৎসাহ দিতে এ পদক্ষেপ

আছে পুলিশ জনপদে, ভোট দিন নিরাপদে, ভোট আপনার গণতান্ত্রিক অধিকার

ডিএমপি সদর দপ্তর থেকে প্রশাসন শাখার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) (অতিরিক্ত আইজিপি) মো. সরওয়ার সংবাদকে জানান, অশ্বারোহী বাহিনীর প্রথম টিম রাজধানীর রাজউক ক্রসিং, গুলিস্তান, গোলাপশাহ মাজার, জিরো পয়েন্ট, প্রেসক্লাব, কদমফুল ক্রসিং, মৎস ভবন, শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, হেয়ার রোড, কাকরাইল ক্রসিং, রাজমনি ক্রসিং, পুলিশ হাসপাতাল ক্রসিং ও দৈনিক বাংলার ক্রসিং পর্যন্ত টহল দিয়েছে।

দ্বিতীয় অশ্বারোহী টিম (মাউটেড টিম) সোনারগাঁও হোটেল ক্রসিং, ফার্মগেট, বিজয়স্বরণী ক্রসিং, উড়োজাহাজ ক্রসিং, ধানমন্ডি-২৭, ধানমন্ডি ৩২ ক্রসিং, পান্থপথ পর্যন্ত।

তৃতীয় অশ্বারোহী বাহিনীর টিম আমতলী ক্রসিং, গুলশান-১ ক্রসিং, গুলশান-২ ক্রসিং, মার্কিন দূতাবাস এলাকা, যমুনা ফিউচার পার্ক, ইউটার্ন-নতুন বাজার ক্রসিং, বাড্ডা লিংক রোড, গোদারা ঘাট ও কাকলী পর্যন্ত টহল দিয়েছে।

৪র্থ অশ্বারোহী টিম গাবতলী মাজার রোড ক্রসিং, টেকনিক্যাল ক্রসিং, মিরপুর-১, মিরপুর-১০, মিরপুর-১১, ইউটার্নসহ বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা টহল দিয়েছে।

মাঠপর্যায়ের অশ্বারোহী বাহিনীর ইনচার্জ এসআই রফিকুল ইসলাম সংবাদকে জানান, ২টি টিমে ৬টি করে প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া ছিল। আর ২টি টিমে ৫টি করে ঘোড়া ছিল। এরমধ্যে গুলশান এলাকার নিরাপত্তা টহলের প্রধান ঘোড়া ছিল শেলটিক কমান্ড।

অশ্বারোহী বাহিনীর ৩৫টি ঘোড়ার মধ্যে বৃহস্পতিবার প্রথমবারের মতো মোট ২২টি ঘোড়া নিরাপত্তা টহলের দায়িত্ব পালন করছে। সকাল সাড়ে ৭টা থেকে একটানা দুপুর আড়াইটা পর্যন্ত পুলিশের এই বাহিনী দেশের নির্বাচনে প্রথমবারের মতো টহল দিয়েছেন।

এই বাহিনীর টিম নিরাপত্তা, দাঙ্গা প্রতিরোধ থেকে শুরু করে মাইকে প্রচারণার দায়িত্ব পালন করতে পারে। এর আগে বঙ্গভবনসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থানে কেপিআই) ও ডিএমপির অনুষ্ঠানে এ অশ্বারোহী টিম মোতায়েন করা হতো।

প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়ার শরীরে কালো কাপড়ের ফেস্টুনে লেখা রয়েছে, পুলিশ আছে জনপদে, ভোট দিব নিরাপদে। এই স্লোগানে ভোটারদের উদ্বুদ্ধ ও উৎসাহ দিতে এই প্রথমবারের মতো পুলিশে প্রশিক্ষণপ্রাপ্ত অশ্বারোহী বাহিনী রাজধানীতে নিরাপত্তা টহল দিয়েছে।

নানা রঙের ব্যানার, ফেস্টুন, পতাকা, অশ্বারোহী বাহিনীর টহল নগরবাসীকে মুগ্ধ করেছে। ঘোড়া নিয়ে পুলিশের এই টহল টিম কোনো কোনো স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে নিরাপত্তা দিয়েছে। লাল কাপড়ের ব্যানারে লেখা আপনার পুলিশ আপনার পাশে আছে। পাশে ছিল হ্যান্ড মাইক।

বৃহস্পতিবার সারাদেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে সাধারণ নগরবাসীর মধ্যে ছিল আনন্দ উল্লাস। এর মাঝে ঘোড়ায় চড়ে পুলিশের শহর প্রদক্ষিণ ভোটারদের আরও উৎসাহ দিয়েছে। অনেকেই একযুগেরও বেশি সময় পর ভোট দিতে পেরে খুশি হয়েছেন।

‘নগর-মহানগর’ : আরও খবর

» গাজীপুরে ভোট জালিয়াতি ও বিশৃঙ্খলার অভিযোগ

» গণভোট: কারও ধারণা ‘মোটামুটি’, কেউ জানেনই না

সম্প্রতি