image

গ্যাস নিয়ে ফের ভোগান্তি: সোমবার রাত পর্যন্ত তিতাস এলাকায় থাকবে তীব্র সংকট

সংবাদ অনলাইন রিপোর্ট

সারাদেশে রক্ষণাবেক্ষণ জনিত কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি (LNG) সরবরাহ কমে যাওয়ায় রাজধানীসহ তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে।

রোববার তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে পাঠানো এক জরুরি বার্তায় গ্রাহকদের এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ চলায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। এর ফলে আগামীকাল সোমবার রাত ১২টা পর্যন্ত তিতাস গ্যাস এলাকায় সব শ্রেণির গ্রাহকদের বাসা-বাড়িতে ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে গ্যাসের চাপ অত্যন্ত কম থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, টেকনিক্যাল কারণে এলএনজি টার্মিনালটি সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। ফলে গৃহস্থালি রান্নাবান্না থেকে শুরু করে বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানেও গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে অনেক নিচে থাকতে পারে। বিশেষ করে ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলগুলোতে এই সংকটের প্রভাব বেশি পড়ার আশঙ্কা করা হচ্ছে। অনেক এলাকায় দুপুরের পর থেকে গ্যাসের চাপ কমে যাওয়ায় সাধারণ মানুষ দৈনন্দিন কাজে ভোগান্তিতে পড়েছেন।

এদিকে হঠাৎ করে গ্যাসের চাপ কমে যাওয়ায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে শীতকাল পরবর্তী এই সময়ে হঠাৎ এ ধরনের সংকট গৃহিণীদের ভোগান্তিকে বাড়িয়ে দিয়েছে।

বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের এই অনাকাঙ্ক্ষিত ও সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সোমবার রাতের পর থেকে সরবরাহ পুনরায় স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি