image

রোজায় স্বস্তি দিতে কারওয়ান বাজারে “কমছে” চাল-ডাল-তেল-চিনি ও মাংসের দাম

রমজান উপলক্ষে কারওয়ান বাজারে “বিশেষ ছাড়ের” ঘোষণা ব্যবসায়ীদের

সংবাদ অনলাইন রিপোর্ট

পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের স্বস্তির কথা চিন্তা করে নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু পণ্যের “দাম কমানোর” ঘোষণা দিয়েছেন রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ীরা।

চাল, ডাল, চিনি ও ভোজ্যতেলসহ অতিপ্রয়োজনীয় কয়েক প্রকার পণ্যে এই “ছাড়” কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।

সোমবার কারওয়ান বাজারের কিচেন মার্কেটে ইসলামিয়া শান্তি সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, রমজানে ভোক্তা সাধারণের ক্রয় ক্ষমতা বিবেচনা করে মিনিকেট চালের দাম কেজিতে ১ টাকা, চিনি ১ টাকা এবং ছোলার দাম কেজিতে ২ টাকা কমানো হয়েছে।

সবচেয়ে বেশি ছাড়ের ঘোষণা এসেছে মাংসের ক্ষেত্রে। ব্যবসায়ীরা জানিয়েছেন, এখন থেকে প্রতি কেজি গরুর মাংস আগের চেয়ে ৩০ টাকা কমে ৭৫০ টাকায় বিক্রি করা হবে। এ ছাড়া প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১ টাকা এবং লেবুর দাম প্রতি পিসে ২ টাকা কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। বাদ পড়েনি পানীয় জাতীয় পণ্যও; ২০০ গ্রামের ট্যাংয়ের প্যাকেটে ৫ টাকা ছাড় দেওয়ার কথা জানিয়েছেন বিক্রেতারা।

এ সময় ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন উপস্থিত থেকে ব্যবসায়ীদের এই “মহৎ উদ্যোগকে” স্বাগত জানান। তিনি বলেন, ব্যবসায়ীদের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়নি। বরং রমজানের “পবিত্রতা রক্ষা” এবং “নৈতিক দায়িত্ববোধ” থেকে তারা নিজেদের “লভ্যাংশ কমিয়ে” সাধারণ মানুষকে এই “ছাড়” দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ব্যবসায়ী প্রতিনিধিরা জানান, আগে যে মিনিকেট চাল কেজি প্রতি ২ টাকা লাভে বিক্রি হতো, এখন তা মাত্র ১ টাকা লাভে ৮০ টাকা দরে বিক্রি করা হবে। একইভাবে ৫ লিটারের তেলের বোতলে গায়ের দামের চেয়েও বাড়তি ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। এ ছাড়া বাজারে ভালো মানের লেবু যা ১৭ টাকায় বিক্রি হতো, তা এখন ১৫ টাকায় পাওয়া যাবে। রমজানজুড়ে কারওয়ান বাজারে এই বিশেষ দর কার্যকর থাকবে বলে সংবাদ সম্মেলনে আশ্বস্ত করা হয়েছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি