আত্মসংযমের এই মাসে এক ফালি স্বস্তির খোঁজে সাধারণ মানুষের দীর্ঘ প্রতীক্ষা। লক্ষ্য সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা। আজ মঙ্গলবার রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের ৬-সি রোডে টিসিবির একটি ট্রাক ঘিরে ছিল শত শত মানুষের এমন উপচে পড়া ভিড়।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় রূপ নেয় চরম বিশৃঙ্খলায়। পরিস্থিতি বেগতিক দেখে ট্রাকচালক স্থান পরিবর্তনের চেষ্টা করেন। কিন্তু ট্রাক থামলে পণ্য পাওয়ার নিশ্চয়তা নেই এমন শঙ্কায় হিতাহিত জ্ঞান হারান অপেক্ষমাণ ক্রেতারা।
শুরু হয় এক মরণপণ দৌড়। চলন্ত ট্রাকের পেছনেই মরিয়া হয়ে ছুটতে থাকেন নারী-পুরুষ নির্বিশেষে সবাই। জীবন তুচ্ছ করে কেউ কেউ ঝুলে পড়েন ট্রাকের পেছনের অংশে। ট্রাকটি যখন গতি বাড়াচ্ছিল, ঠিক তখনই ঘটে এক দুর্ঘটনা।
ট্রাকের পেছনে ঝুলে থাকা অবস্থায় ভারসাম্য হারিয়ে মাঝরাস্তায় ছিটকে পড়েন এক নারী। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় চারপাশ। সামান্য ডাল-তেল-চিনির জন্য এই সংগ্রাম, এখন জীবনের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।
রমজানের বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিম্ন আয়ের মানুষকে কতটা অসহায় করে তুলেছে, উত্তরার এই রাস্তা যেন আজ তারই সাক্ষী হয়ে রইল।