image

৬ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না টিসিবির পণ্য

সংবাদ অনলাইন রিপোর্ট

রোজা রেখে তেজগাঁও থেকে এসেছেন ৫০ বয়সী নূরজাহান বেগম। ৬ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছেন টিসিবির পণ্য কিনতে।এর আগেও তিন দিন এসেছিলেন পণ্য কিনতে। তবে ভাগ্য সহায় হয়নি। টিসিবির পণ্য না কিনেই চলে গেছেন।

নূর জাহান বেগমের মতো শত শত মানুষ এসে লাইনে দাঁড়িয়েছেন রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি কার্যালয়ের পাশে ভ্রাম্যমাণ ট্রাক থেকে কম দামের পণ্য কিনতে।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে শুধু ৩৫০ টাকা সাশ্রয়ের জন্য রোদের মধ্যে ৫ থেকে ৬ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন।কারো ভাগ্যে জুটছে, কেউ না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

পরিবারের চাহিদা মেটাতে সামান্য কিছু টাকা বাঁচাতে নিম্নআয়ের মানুষকে রীতিমতো লড়াই করতে হচ্ছে। বিশেষ করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নারীদের।

পবিত্র রমজান মাস উপলক্ষে গত ১৭ ফেব্রুয়ারি ট্রাকে করে সারা দেশে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। ট্রাকের পেছনে রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে পণ্য কিনতে পারলে সাশ্রয় হবে সাড়ে তিনশ টাকার মতো।

প্রতিদিনের মতো ২৫ ফেব্রুয়ারি বেলা ১২টার দিকে কারওয়ান বাজার এলাকায় টিসিবির পণ্য বিক্রির একটি ট্রাকে আসে। সেই ট্রাকের পেছনে লম্বা দুটো লাইন। একপাশে নারী আর অন্যপাশে পুরুষের লাইন। তবে ট্রাকে রয়েছে মাত্র ৪শ জনের পণ্য। অথচ সিরিয়ালে দাঁড়িয়েছেন অনেক বেশি।

টিসিবি ডিলার মেসার্স ইসলাম স্টোরের মালিক আশিকুল ইসলাম জানালেন, ৪শ জনের জন্য পণ্য এনেছেন। তবে দীর্ঘ লাইনে সবাইকে দেওয়া সম্ভব নয়। যারা আজকে পাবে না, পরদিন তাদের অন্য ডিলারের গাড়ি থেকে নিতে হবে।

ডিলার জানালেন টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, এক কেজি ছোলা ও আধা কেজি খেজুর কিনতে পারেন।

এর মধ্যে প্রতি লিটার সয়াবিন ১১৫ টাকা, চিনি ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, ছোলা ৬০ টাকা ও আধা কেজি খেজুর ৮০ টাকা। সব মিলিয়ে এসব পণ্য কিনতে একজনের লাগে ৫৯০ টাকা। বাজার থেকে সমপরিমাণ পণ্য কিনতে প্রয়োজন হয় প্রায় ৯৫০ টাকা। অর্থাৎ প্রায় ৩৫০ টাকা সাশ্রয় হয়।

টিসিবি জানিয়েছে, সারা দেশে মোট ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে প্রতিদিন নিম্নআয়ের মানুষের জন্য পণ্য বিক্রি করছে সংস্থাটি। এভাবে ট্রাকসেলের মাধ্যমে ২০ দিনে প্রায় ৩৫ লাখ ভোক্তার কাছে ২৩ হাজার টন পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে ৪০০ জনের জন্য পণ্য বরাদ্দ থাকে। তবে দেড় থেকে দুই গুণ বা তারও বেশি মানুষ লাইনে দাঁড়ান।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি