image

ডিএসসিসি নির্বাচন

দল যাকে মনোনয়ন দেবে তিনিই লড়বেন

সংবাদ অনলাইন রিপোর্ট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

তিনি জানিয়েছেন, মেয়র পদে দলীয়ভাবে যাকে মনোনয়ন দেওয়া হবে, তিনিই আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শনিবার দুপুরে ডিএসসিসির নগর ভবনে প্রশাসক আব্দুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মেয়র পদে প্রার্থী হওয়ার গুঞ্জন প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন ঠিকই, কিন্তু সেটিই শেষ কথা নয়।

তিনি স্মরণ করিয়ে দেন, এর আগে তিনি ঢাকা-৬ আসন থেকে দলীয় মনোনয়নে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। সিটি নির্বাচনের ক্ষেত্রেও দল যাকে যোগ্য মনে করবে এবং মনোনয়ন দেবে, তিনিই ভোটের লড়াইয়ে নামবেন।

একই সংবাদ ব্রিফিংয়ে ইশরাক হোসেন সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের ভোটের ফলাফল নিয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, ওই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল কল্পনাতীত।

বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ১৯৯৬ সালের নির্বাচনে যেখানে জামায়াত সব মিলিয়ে মাত্র ৩ হাজার ভোট পেয়েছিল, সেখানে এবার তাদের ভোটের এই হার কোনোভাবেই বোধগম্য বা বিশ্বাসযোগ্য নয়।

প্রতিমন্ত্রী আরও জানান, ভোটের এই অস্বাভাবিক সংখ্যার বিষয়টি তিনি সরকার ও নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করবেন।

ভোটারদের সত্যতা যাচাইয়ের দাবি জানিয়ে তিনি বলেন, আসলে কারা ভোট দিয়েছেন এবং তারা ওই এলাকার বাসিন্দা কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন। পুরো বিষয়টি নিরপেক্ষভাবে ভেরিফিকেশন করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি

Sangbad Image

অর্থ-বাণিজ্য: সোনার দাম ফের বাড়লো