image

সংরক্ষিত নারী আসনে স্বচ্ছ মনোনয়নের দাবি

সংবাদ অনলাইন রিপোর্ট

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নির্দিষ্ট নীতিমালা এবং যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচনের দাবি জানিয়েছে “নারীর রাজনৈতিক অধিকার ফোরাম”।

সম্প্রতি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদের কাছে পাঠানো এক খোলা চিঠিতে সংগঠনটি এই আহ্বান জানায়। চিঠিতে সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং রাজনীতিতে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে বেশ কিছু জরুরি সুপারিশ তুলে ধরা হয়েছে।

নারীর রাজনৈতিক অধিকার ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে, সংরক্ষিত নারী আসন দেশের রাজনীতিতে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও বর্তমানে এর মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে। যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন নিশ্চিত করা না গেলে এটি কেবল সংখ্যাতাত্ত্বিক উপস্থিতিতে সীমাবদ্ধ থাকে, যা নারীর প্রকৃত ক্ষমতায়নে বাধা সৃষ্টি করে।

এ অবস্থা থেকে উত্তরণে দলগুলোকে মনোনয়ন প্রক্রিয়ার জন্য লিখিত নীতিমালা প্রণয়ন ও তা জনসমক্ষে প্রকাশের অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে চূড়ান্ত প্রার্থী কেন নির্বাচিত হলেন, তার যৌক্তিক ব্যাখ্যা দেওয়ার দাবিও তোলা হয়েছে।

সংগঠনটি তাদের চিঠিতে সংরক্ষিত আসনের পাশাপাশি সাধারণ আসনেও উল্লেখযোগ্য হারে নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানিয়েছে। এ ছাড়া মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে প্রার্থীর রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা, সংসদীয় কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা, জনআস্থা এবং নৈতিক অবস্থানকে মানদণ্ড হিসেবে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।

রাজনীতির মাঠ থেকে শুরু করে সংসদ পর্যন্ত নারীর জন্য সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে ফোরামটি।

নারী নেত্রীদের কেবল সদস্য হিসেবে নয়, বরং দলের নীতি-নির্ধারণী পর্যায়, গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ এবং সংসদের স্থায়ী কমিটিগুলোর নেতৃত্বে দেখতে চায় এই প্ল্যাটফর্ম। বিশেষ করে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বা সহ-সভাপতির পদে নারীদের সুযোগ দেওয়া এবং বাজেট আলোচনা ও বিল পর্যালোচনায় নারী সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

এ ছাড়া নারী রাজনীতিকদের বিরুদ্ধে অনলাইন ও অফলাইনে চলমান হয়রানি ও সহিংসতা রোধে কঠোর নীতিমালা এবং অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা চালুর বিষয়টিও চিঠিতে উল্লেখ করা হয়।

নির্বাচিত নারী সংসদ সদস্যদের দক্ষ করে তুলতে নিয়মিত প্রশিক্ষণ এবং সংসদীয় কার্যপ্রণালি সম্পর্কে সচেতনতা বাড়ানোর প্রতি জোর দিয়েছে নারীর রাজনৈতিক অধিকার ফোরাম। দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি নারী সংগঠন, নাগরিক সমাজ ও মানবাধিকার কর্মীদের পক্ষ থেকে এই যৌথ চিঠিতে সই করেছে কুষ্টিয়া নারী সমাজ, গণসাক্ষরতা অভিযান, দুর্বার নেটওয়ার্ক ফাউন্ডেশন, নাগরিক কোয়ালিশন, নারী উদ্যোগ কেন্দ্র, নারী সংহতি, নারীপক্ষ, নারীর ডাকে রাজনীতি, ফেমিনিস্ট অ্যালায়েন্স অফ বাংলাদেশ এবং ভয়েস ফর রিফর্মসহ বিভিন্ন সংগঠন।

রাজনৈতিক দলগুলো এই সুপারিশগুলোর বিষয়ে তাদের অবস্থান দ্রুত স্পষ্ট করবে বলেও আশা প্রকাশ করেছে ফোরামটি।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি