image

ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সংবাদ অনলাইন রিপোর্ট

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও দুর্যোগ মোকাবিলায় রাজধানী ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাম্প্রতিক সময়ে ঘন ঘন ভূমিকম্পের প্রেক্ষাপটে বিশেষ করে ঢাকা শহরের জন্য এই বিশেষ নির্দেশনা দিয়েছেন তিনি।

রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের কিছু সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। উপকূলীয় অঞ্চলে যেভাবে ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করে, ঠিক সেই মডেলেই ঢাকা শহরেও এক লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হবে। তারা মূলত দুর্যোগকালীন উদ্ধারকাজ ও সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার কাজে নিয়োজিত থাকবেন।

মন্ত্রী আরও জানান, ভূমিকম্পের সময় লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য ঢাকা শহরের বিভিন্ন খেলার মাঠ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আগেভাগেই চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া দুর্যোগ পরবর্তী উদ্ধার অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি দ্রুত সংগ্রহ বা প্রকিউরমেন্ট করার বিষয়েও জোর দিয়েছেন সরকারপ্রধান। জনসচেতনতা বাড়াতে অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

উদ্ধার সক্ষমতা বৃদ্ধি প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, আমাদের সক্ষমতা বাড়ানোর জন্যই এই আলোচনা ও পরিকল্পনাগুলো করা হচ্ছে। ইতিমধ্যে যে সব আধুনিক সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে, তার কিছু অংশ সশস্ত্র বাহিনী বিভাগ ও ফায়ার সার্ভিসকে দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনার জন্য সরকারের একটি ১৮০ দিনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে এবং আগামী ১১ মার্চ ফলোআপ মিটিংয়ের মাধ্যমে এ সব কাজের অগ্রগতি পর্যালোচনা করা হবে।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি