image

যুক্তরাষ্ট্রের ভাবনার চেয়েও অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে নির্বাচন

সংবাদ অনলাইন রিপোর্ট

জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাশার চেয়েও অনেক বেশি শান্তিপূর্ণ ও অবাধ হয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বুধবার বিকেলে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

তিনি বলেন, মার্কিন প্রতিনিধি দলটি স্বীকার করেছে যে এই নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে, যা তাদের প্রাথমিক ধারণার বাইরে ছিল।

বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী তাকে জানিয়েছেন যে ওয়াশিংটন সফরের সময় যখন বাংলাদেশের পক্ষ থেকে নির্বাচন উৎসবমুখর করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তখন তারা বিষয়টি নিয়ে কিছুটা সন্দিহান ছিলেন।

তিনি আরও জানান, তবে নির্বাচনের দিন ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং মেলার মতো আমেজ দেখে তারা অভিভূত হয়েছেন। বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত নিজেও বিভিন্ন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করেছেন বলে বৈঠকে জানিয়েছেন।

এবারের নির্বাচনে বিপুল বিজয়ের জন্য নবনির্বাচিত সরকারকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চিঠির মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর বিষয়টিও আলোচনায় উঠে আসে। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, মার্কিন প্রতিনিধি দলটি বাংলাদেশের নির্বাচনী পরিবেশের প্রশংসা করে আগামীতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি