image

কূটনীতিকদের সম্মানে ইফতার, ‘ভারসাম্যপূর্ণ সম্পর্ক’ গড়ার বার্তা জামায়াত আমিরের

সংবাদ অনলাইন রিপোর্ট

কূটনীতিকদের নিয়ে ইফতার আয়োজনে জামায়াতের আমির ও বিরোধী দল নেতা শফিকুর রহমান অন্য বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে ‘ভারসাম্যপূর্ণ সম্পর্ক’ গড়ার কথা বলেছেন। শনিবার,(০৭ মার্চ ২০২৬) রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে জামায়াতের এই ইফতার আয়োজনে দলের প্রধান আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।

তিনি বলেন, ‘পারস্পরিক সম্মান, সহযোগিতা এবং গঠনমূলক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে আরও ইতিবাচক ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায়।’

শফিকুর রহমান আশা প্রকাশ করে বলেন, পারস্পরিক বোঝাপড়া, ন্যায়ভিত্তিক অবস্থান এবং মানবিক মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে।

তিনি বলেন, রমজানের শিক্ষা মানুষকে সংযম, সহমর্মিতা, ন্যায়বোধ ও মানবকল্যাণের দিকে আহ্বান জানায়। এ মূল্যবোধ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ধারণ করা গেলে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।

জামায়াত আমির দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং সমগ্র বিশ্বমানবতার শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করেন। কোরআন তেলাওয়াতে মধ্যে দিয়ে শুরু হয় ইফতারের আয়োজন। কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং দেশের বিশিষ্ট ব্যক্তিরা এতে অংশগ্রহণ করেন। স্বাগত বক্তব্যে পর হয় মোনাজাত। কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের মাইকেল মিলার, ভারতের হাইকমিশনার, প্রণয় ভার্মা, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।এছাড়া কানাডা, তুরস্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভ্যাটিকান সিটি, ইরান, ব্রুনাই দারুসসালাম, মালদ্বীপ, আলজেরিয়া, কসোভো, মিশর, ভিয়েতনাম, মিয়ানমার, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নরওয়ে, নেপাল, ফিলিপাইন, নেদারল্যান্ডস, ভুটান, শ্রীলঙ্কা, ব্রাজিল, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এবং ইউএনডিপি, ইউএনএইচসিআর, ইউনিসেফ, ইউএনওডিসি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, আইওএমসহ বিভিন্ন বিদেশি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জামায়াত নেতাদের মধ্যে মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম, মুয়াযযম হোসাইন হেলাল, রফিকুল ইসলাম খান এমপি, এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, মোহাম্মদ সেলিম উদ্দীন, আবদুর রব, শফিকুল ইসলাম মাসুদ এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান ও মোহাম্মদ শিশির মনির।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি