image

আগামীতেও ক্ষমতায় গেলে

স্নাতক পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষার সুযোগ দেবে বিএনপি

সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, মর্যাদা বৃদ্ধি এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে বিএনপি সবসময় কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জে এম জাহিদ হোসেন।

সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাসাস আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন তাঁর বক্তব্যে স্মরণ করেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়নের প্রকৃত ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই ধারাবাহিকতা বজায় রেখে নারী সমাজকে এগিয়ে নিয়েছেন। বর্তমানে সেই একই আদর্শ ও লক্ষ্য অনুসরণ করে দেশের উন্নয়ন ও জনকল্যাণে বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন।

নারীদের শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিএনপি সরকারের বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, মেয়েদের স্কুলে ইউনিফর্ম প্রদান, বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রমে বিভিন্ন সুবিধা নিশ্চিত করার উদ্যোগ বিএনপির আমলেই বাস্তবায়িত হয়েছে। এ ছাড়া নারীর অবদানকে জাতীয়ভাবে স্বীকৃতি দিতে বেগম রোকেয়া পদক প্রবর্তন করা হয়, যা নারী জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপরে আগামীতেও বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারীদের এই শিক্ষা সহায়তার সুযোগ স্নাতক পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে ডা. জাহিদ বলেন, বিএনপির বর্তমান নেতৃত্ব পরিবারভিত্তিক একটি বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে। এই ব্যবস্থার আওতায় প্রতি পাঁচজন সদস্যকে একটি পরিবার বিবেচনা করে কার্ডটি পরিবারের মা, বোন বা নারী অভিভাবিকার নামে ইস্যু করা হবে। এতে পরিবারের সকল সদস্যের তথ্য সংরক্ষিত থাকবে এবং পর্যায়ক্রমে এটি উন্নত বিশ্বের মতো ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ পদ্ধতিতে রূপান্তর করা হবে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে তিনি জানান, বর্তমানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা এবং গর্ভবতী নারীদের সহায়তাসহ বিভিন্ন কর্মসূচি চালু রয়েছে। এ ছাড়া দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দরিদ্র মানুষের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে।

এ সব সেবা নিতে স্থানীয় সমাজকল্যাণ বা মহিলা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

নারীদের স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, নারীরা শুধু চাকরির ওপর নির্ভর না করে নিজেরা ছোট পরিসরে বিনিয়োগের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারেন। এতে শুধু নিজের উন্নতিই হবে না, বরং আরও অনেক নারীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

এ ধরনের উদ্যোক্তা তৈরিতে সরকার সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশ্বাস দেন।

জাসাসের যুগ্ম আহ্বায়ক চৌধুরী মাজহার আলী শিবা শানুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সহ-স্থানীয় সরকার বিষয়ক নির্বাহী কমিটির সদস্য শাম্মী আক্তার, গীতিকার ইথুন বাবু এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব খালেদ এনাম মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি