image

ফ্যামিলি কার্ডে নারীর ক্ষমতায়ন বাড়বে, বাজেটে সামষ্টিক স্থিতিশীলতার তাগিদ সিপিডির

সংবাদ অনলাইন রিপোর্ট

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে দেশের অর্থনীতি পুনর্গঠনে একগুচ্ছ সুপারিশ তুলে ধরেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

সংস্থাটি মনে করছে, সরকারের চালু করা ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখবে। তবে এই সুবিধার প্রকৃত সুফল পেতে সঠিক উপকারভোগী নির্বাচন নিশ্চিত করার ওপর জোর দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসন্ন বাজেটের ওপর এ সব সুপারিশ পেশ করা হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, সামাজিক সুরক্ষা খাতে সরকারের ভালো কিছু পরিকল্পনা রয়েছে, যা প্রশংসার দাবিদার। বিশেষ করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়ন ত্বরান্বিত হবে। তবে এক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা বা স্বজনপ্রীতি এড়িয়ে প্রকৃত দুস্থ ও ঝুঁকিপূর্ণ মানুষকে খুঁজে বের করতে হবে।

সঠিক তালিকা প্রণয়ন করা না গেলে রাষ্ট্রের অর্থের অপচয় হবে বলেও সতর্ক করেন তিনি।

দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে ড. ফাহমিদা খাতুন জানান, এমন এক সময়ে আগামী বাজেট প্রণীত হতে যাচ্ছে যখন বাংলাদেশের অর্থনীতি নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় নীতিনির্ধারকদের জন্য প্রধান কাজ হওয়া উচিত সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা। বিশেষ করে লাগামহীন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায়ে শৃঙ্খলা বজায় রাখা এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে সুনির্দিষ্ট ও কৌশলগত পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।

সংবাদ সম্মেলনে সিপিডির পক্ষ থেকে বলা হয়, বাজেট প্রণয়নের সময় দরিদ্র, প্রান্তিক ও অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য। একই সঙ্গে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি বাড়াতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির পরামর্শ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সিপিডির ফেলো ড. মোস্তাফিজুর রহমান এবং গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি