চলতি বছরের জুন-জুলাইয়ে ফুটবল বিশ্বকাপের আসর বসবে তিনটি দেশে। তবে টুর্নামেন্টের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে হবে বলে দেশটির দিকেই তাকিয়ে অধিকাংশ ফুটবলসংশ্লিষ্টরা। বিশেষত, সেখানকার অভিবাসন নীতিমালা এবং সেটিকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে চলমান অস্থিরতার কারণে দেশটি এখন আলোচনার কেন্দ্রে। এরই মাঝে বিশ্বকাপের ভেন্যু শহর ফ্লোরিডাকে ‘অনিরাপদ গন্তব্য’ বলে বিদেশি ভ্রমণকারীদের হুঁশিয়ারি দিয়েছে একাধিক সংস্থা।
এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, গত শুক্রবার একাধিক নাগরিক ও মানবাধিকার সংগঠন সম্মিলিতভাবে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ফ্লোরিডায় ভ্রমণে সতর্কতা জারি করেছে। তাদের অভিযোগ-কড়াকড়ি অভিবাসন আইন প্রয়োগের কারণে আন্তর্জাতিক পর্যটকদের ক্ষেত্রে বর্ণভিত্তিক প্রোফাইলিং, ত্রুটিপূর্ণ আটক এবং সেখান থেকে বিতাড়নের ঝুঁকি বাড়তে পারে। সে কারণে ফ্লোরিডায় গমনেচ্ছুদের সতর্কতা অবলম্বনের অংশ হিসেবে সবসময় পরিচয়পত্র, নিজ নিজ কনস্যুলেটে ভ্রমণ পরিকল্পনার নিবন্ধন-সংক্রান্ত কাগজপত্র রাখতে বলা হয়েছে। অবশ্য সতর্কতা দেওয়ার পাশাপাশি আইন প্রয়োগ প্রক্রিয়া জবাবদিহি ও স্বচ্ছতার জায়গা না পৌঁছা পর্যন্ত ফ্লোরিডায় ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনারও আহবান জানান তারা। গণমাধ্যম ও নাগরিক অধিকার সংগঠনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে ফ্লোরিডা ইমিগ্র্যান্ট কোয়ালিশনের নির্বাহী পরিচালক টেসা পেটিট এক বিবৃতিতে বলেন, ‘ফ্লোরিডা এখন আন্তর্জাতিক পর্যটকদের জন্য নিরাপদ গন্তব্য নয়। দর্শনার্থী ও বাসিন্দাদের কারণ ছাড়াই আটক করা হতে পারে এবং চেহারা, ভাষা কিংবা উচ্চারণের ভিত্তিতে লক্ষ্যবস্তু করা হতে পারে তাদের।’
খেলা: ডিআরইউ ব্যাডমিন্টন