ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সাম্প্রতিক একতরফা পদক্ষেপ এবং অবৈধ উপস্থিতি বাড়ানোর চেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভারত। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রকাশিত মূল বিবৃতিতে নাম না থাকলেও, অবশেষে নিন্দা জানানো দেশগুলোর তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছে নয়াদিল্লি।
জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুরের পাঠ করা এই যৌথ বিবৃতিতে ভারত ছাড়াও স্বাক্ষর করেছে রাশিয়া, চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, জাপান এবং প্রতিবেশী দেশ বাংলাদেশ ও পাকিস্তান। এছাড়া আরব লীগ ও ইউরোপীয় ইউনিয়নও এই বিবৃতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।
বিবৃতিতে ১৯৬৭ সাল থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জনবিন্যাস ও স্থিতাবস্থা পরিবর্তনের যেকোনো কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
সম্প্রতি ইসরায়েলি সংসদ পশ্চিম তীরের এ ও বি এলাকার ওপর নিয়ন্ত্রণ জোরদারের পরিকল্পনা অনুমোদন করেছে, যা দীর্ঘকাল ধরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয়ে আসছে। সমালোচকদের মতে, ভূমি অধিগ্রহণের বিধিনিষেধ তুলে নেওয়া এবং বাসিন্দাদের নথিপত্র যাচাইয়ের এই উদ্যোগ মূলত ওই অঞ্চল দখলের একটি সুদূরপ্রসারী পূর্বাভাস। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে এবং একটি সম্ভাব্য শান্তিচুক্তির সম্ভাবনাকে বিপন্ন করছে।
শুরুতে এই বিবৃতিতে ভারতের নাম না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে এবং কূটনৈতিক মহলে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছিল। ইরানে ভারতের সাবেক রাষ্ট্রদূত কে. সি. সিংহ এবং সাবেক পররাষ্ট্রসচিব নিরুপমা মেনন রাও ভারতের এই দ্বিধাদ্বন্দ্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তারা মনে করেন, ইসরায়েল-ফিলিস্তিন প্রশ্নে ভারতের প্রচলিত অবস্থান থেকে সরে আসা ভারতের কৌশলগত স্বায়ত্তশাসনকে প্রশ্নবিদ্ধ করছিল।
বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মজবুত করার কৌশলের অংশ হিসেবে ভারত শুরুতে নীরব থাকলেও শেষ পর্যন্ত বৈশ্বিক চাপের মুখে নিন্দা জানাতে বাধ্য হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য ইসরায়েল সফর নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছে। এর মাঝেই যুক্তরাষ্ট্রে প্রকাশিত এপস্টেইন ফাইলস এ জেফরি এপস্টেইনের করা একটি বিতর্কিত ও কুরুচিপূর্ণ দাবি নিয়ে শোরগোল শুরু হয়। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং একে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আরব লীগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন, যেখানে ফিলিস্তিন সংকট নিয়ে আলোচনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রে তুষারধসে নিখোঁজ অন্তত ১০ স্কি খেলোয়াড়
আন্তর্জাতিক: জঙ্গিবাদ দমনে সহায়তায় নাইজেরিয়ায় মার্কিন সেনা