image

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ইতিবাচক অগ্রগতির দাবি ইরানের

সংবাদ অনলাইন রিপোর্ট

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে জেনেভায় অনুষ্ঠিত পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বিতীয় দফা আলোচনায় নীতিগত বিষয়ে একটি বোঝাপড়া হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গত মঙ্গলবার বৈঠক শেষে ইরানি গণমাধ্যমকে জানান,এতে অগ্রগতি হলেও এখনো কাজ বাকি রয়েছে। তিনি বলেন,এই অগ্রগতি অর্থ এটা নয় যে শিগগিরই চুক্তি হবে, তবে আলোচনার পথ শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ওমানের মধ্যস্থতায় এই পরোক্ষ আলোচনা হয়েছে। ইরানের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নেতৃত্ব দেন। যুক্তরাষ্ট্রের পক্ষে বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অংশ নেন। বৈঠক কয়েক ঘণ্টা স্থায়ী হয়েছে। আলোচনার সময়ই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হরমুজ প্রণালীর কিছু অংশ নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে কয়েক ঘণ্টার জন্য বন্ধ করা হয়েছে। ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনী সেখানে সামরিক মহড়া চালাচ্ছে। এ প্রণালী বিশ্বের তেল সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ, যার মাধ্যমে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন করা হয়। ইরান অতীতে হামলার জবাবে এটি বন্ধ করার হুমকি দিয়েছে,যা বৈশ্বিক বাজারে তেলের দাম বাড়িয়ে দিতে পারে।যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে যুদ্ধজাহাজসহ সামরিক শক্তি বাড়িয়েছে, যাতে ইরানকে ছাড় দিতে চাপ দেওয়া যায়।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তেহরানে সরকার পরিবর্তন সবচেয়ে ভালো হতে পারে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মঙ্গলবার বলেন, যুক্তরাষ্ট্রের যেকোনো চেষ্টা তার সরকারকে উৎখাত করতে ব্যর্থ হবে।

এই আলোচনা ২০২৫ সাল থেকে চলমান পারমাণবিক বিরোধ নিরসনের অংশ। প্রথম দফা আলোচনা ফেব্রুয়ারির শুরুতে ওমানে হয়েছিল।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি